• মহিষমর্দিনী পুজোয় এবার এলাহি কাণ্ড! হকারদের ফি মুকুব থেকে বিশেষ ওয়েবসাইট, জেনে নিন খুঁটিনাটি
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • চলতি ইংরেজি মাসের ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে পূর্ব বর্ধমানের কালনার ঐতিহ্যবাহী মা মহিষমর্দিনীর পুজো ও মেলা। শতাব্দীপ্রাচীন এই উৎসবকে ঘিরে প্রতি বছরই কয়েক লক্ষ ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। সেই কারণে এবারও পুজো ও মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কালনা পৌরসভার অ্যানেক্স হলে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, কালনা পুরসভার পুরপ্রধান, উপ-পুরপ্রধান, প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক, পুলিশ ও পুজো কমিটির প্রতিনিধিরা। বৈঠকে মূলত নিরাপত্তা, যান চলাচল, পরিচ্ছন্নতা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মেলা প্রাঙ্গণের প্রবেশপথে বসা কোনও স্টল যেন রাস্তার ওপর ছড়িয়ে না পড়ে। এতে দর্শনার্থীদের চলাচলে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে প্রশাসনের কড়া নজর থাকবে।

    এবারের মেলায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পৌরসভার নির্দিষ্ট জায়গায় স্টল বসানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে হাতপিছু একটি টোকেন অর্থ নেওয়া হত। বিধায়ক সিদ্ধার্থ মজুমদার সেই টোকেন চার্জ সম্পূর্ণ মুকুব করার ঘোষণা করেছেন। ফলে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে গত বছরের তুলনায় এ বছর মেলা প্রাঙ্গণে আরও বেশি সংখ্যক বায়ো-টয়লেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অন্যদিকে, মেলা চত্বরে সংলগ্ন বিভিন্ন বাড়ির মালিকরা স্টল বসানোর নামে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন বিধায়ক। এই বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বিধায়ক সিদ্ধার্থ মজুমদার জানান, কালনার প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যবাহী মহিষমর্দিনী পুজোকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে একটি বিশেষ ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই ঐতিহ্যবাহী পুজো ও মেলা সম্পর্কে সহজেই জানতে পারবেন এবং কালনার ধর্মীয় ও পর্যটন সম্ভাবনাও আরও প্রসারিত হবে।
  • Link to this news (News18 বাংলা)