• অন্নপূর্ণার টাকা পেয়েছেন শাশুড়ি, ঢোকেনি বৌমার অ্যাকাউন্টে! অশান্তিতে জেরবার..BDO অফিসে যুবক
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে শাশুড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অথচ একই পরিবারের বৌমার অ্যাকাউন্টে আসেনি এক টাকাও! আর সেই নিয়েই নাকি সংসারে শুরু হয়েছে তুমুল অশান্তি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মহিলাদের বিক্ষোভের মাঝেই বিডিও অফিসে হাজির হতে হয়েছে বাড়ির যুবককে।

    নদিয়ার তেহট্ট ১ নম্বর ব্লকের এই ঘটনা৷ যা নিয়ে এখন স্থানীয় এলাকায় রীতিমতো শোরগোল পড়েছে। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর থেকেই কে টাকা পেলেন, আর কে পেলেন না—তা নিয়ে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আলোচনা ও ক্ষোভ। তেহট্ট ১ নম্বর ব্লকও তার বাইরে নয়৷ এলাকার বহু মহিলাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় আবেদন করেছিলেন বলে জানাচ্ছেন।

    কিন্তু অভিযোগ, কয়েকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা জমা পড়লেও, এখনও বহু আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেই অভিযোগেই বিডিও অফিসে ভিড় জমিয়ে বিক্ষোভও দেখান মহিলাদের একাংশ। আর সেই ভিড়ের মাঝেই নজর কাড়েন এক যুবক। মহিলাদের বিক্ষোভে তাঁর উপস্থিতির কারণ জানতে চাওয়া হলে, সামনে আসে সংসারের অশান্তির কাহিনি।

    সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে ওই যুবককে বলতে শোনা যায়, “অন্নপূর্ণা ভাণ্ডারে বউ আবেদন করেছে, মা করেছে। মায়ের টাকা ঢুকেছে, বউয়ের টাকা ঢোকেনি। এই নিয়ে সাংসারিক অশান্তি লেগে গিয়েছে।” যদিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া-না পাওয়াকে কেন্দ্র করে তেহট্টে ক্ষোভের পাশাপাশি ওই যুবকের ‘সাংসারিক অশান্তি’র ঘটনা এখন চর্চার কেন্দ্রবিন্দু।
  • Link to this news (News18 বাংলা)