• Vietnam Boat Tragedy: বিশাল ঢেউ আছড়ে পড়ল স্পিড বোটে, ভিয়েতনামে হাড়হিম মুহূর্তের সাক্ষী আশিসরা
    এই সময় | ১২ জুলাই ২০২৬
  • অফিসের ট্রিপে ভিয়েতনাম গিয়ে মর্মান্তিক পরিণতি ১৫ জন ভারতীয়র। শনিবারই ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারান তাঁরা। মৃতদের মধ্যে ১০ জন তামিলনাড়ুর বাসিন্দা। বরাত জোরে রক্ষা পান ২১ জন। যাঁরা কপালের জোরে বেঁচে ফিরেছেন, মৃত্যুকে সামনে থেকে দেখার যে ভয়ঙ্কর অনুভূতি, সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন সংবাদমাধ্যমে। এ রকমই একজন ব্যক্তি মুরুগারাজ। তামিলনাড়ুর বাসিন্দা তিনি। মুরুগারাজ জানান, শনিবার দুপুরে স্পিড বোটটি সমুদ্র উপকূল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই একটি বিশাল ঢেউ আসে। তার আগের মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল এই জলপথ বিশ্বের সব থেকে সুন্দর, সব থেকে রোমাঞ্চকর জায়গা। কিন্তু আচমকাই ধেয়ে আসা বিশাল ঢেউ স্পিড বোটের উপরে আছড়ে পড়তেই বোট ডান দিকে হেলে পড়ে এবং যাত্রীরা একে অন্যের উপরে ছিটকে পড়েন। বোটের রেলিং ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিলেন সকলে। কিন্তু অনেকেই পারেননি। অতল জলে ভেসে যান তাঁরা। মুরুগারাজ ওই রেলিং শক্ত করে ধরেছিলেন।

    সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে মুরুগারাজ বলেন, ‘বোট উল্টে যাওয়ার সময়ে প্রচণ্ড চাপ তৈরি হয়েছিল। কোনও ভাবে জানলা দিয়ে বেরিয়ে রেলিং আঁকড়ে ধরতে পেরেছিলাম। প্রায় পাঁচ মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল পৌঁছে যায়। উদ্ধারকারী দলকে সে সময়ে মনে হচ্ছিল ঈশ্বরের দূত।’

    জানা গিয়েছে, ওই বোটে ৩৬ জন ছিলেন। তার মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, চার জন স্থানীয় ক্রু মেম্বার। ২১ জনকে উদ্ধার করা গেলেও ১৫ জনের সলিল সমাধি ঘটে। এই বোটে ছিলেন অন্ধ্রপ্রদেশের গুন্টুরের আশিস কুমারও। ৪৮ বছর বয়স।

    আশিস সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শিউরে উঠছেন, ‘শনিবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আমরা তখন ছবি তুলছিলাম। কিছু বোঝার আগেই বোট উল্টে গেল। কী পরিস্থিতি, বলে বোঝাতে পারব না। নৌকাটি দ্বীপ ছেড়ে খুব বেশি দূর যায়নি। এ ভাবে মৃত্যু ধেয়ে আসবে, ভাবতে পারছি না। সবাই প্রাণ বাঁচাতে আর্তচিৎকার করছিলাম। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা।’

    তামিলনাড়ুর নির্মল কুমার বেঁচে ফিরেছেন, তবে চোখের সামনে সহযাত্রীদের এ ভাবে মৃত্যুর গহ্বরে তলিয়ে যেতে দেখার ট্রমা কাটছে না। তিনি জানান, প্রবল ঢেউ ও সম্ভবত অতিরিক্ত যাত্রী থাকার কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই স্পিডবোটটি উল্টে যায়।

    শনিবার ভিয়েতনামের হন মে রুত (Hon May Rut) দ্বীপ থেকে আন থোই (An Thoi) বন্দরের দিকে ফিরছিল পর্যটকবোঝাই একটি স্পিডবোট। উপকূল থেকে মাত্র ৪০০ মিটার দূরে আচমকাই তীব্র হাওয়া ও বিশাল ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়। দুর্ঘটনার সময়ে সমুদ্রে বড় ঢেউ ও প্রতিকূল আবহাওয়া ছিল বলে জানিয়েছে ভিয়েতনামের প্রশাসন।

  • Link to this news (এই সময়)