আজকাল ওয়েবডেস্ক: পাথরপ্রতিমার মাধবনগর এলাকায় একটি কুমিরকে ঘিরে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জগদ্বল নদী থেকে একটি কুমির উঠে এসে এলাকার একটি পুকুরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। বহু মানুষ পুকুরের ধারে ভিড় জমান। কেউ কেউ মোবাইল ফোনে কুমিরের ভিডিও ধারণ করেছেন বলেও দাবি করেন।
খবর পেয়ে পাথরপ্রতিমা বিট অফিসের বনদপ্তরের কর্মীরা শনিবার বিকেলেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কুমিরটিকে নিরাপদে উদ্ধার করতে পুকুরের চারপাশে ঘিরে তল্লাশি চালানো হয়। সন্ধ্যা থেকে গভীর রাত, তারপর রবিবার সকাল পর্যন্ত টানা অভিযান চললেও কুমিরের কোনো হদিস মেলেনি।
বনকর্মীরা কুমিরটিকে বাইরে বের করে আনার জন্য পুকুরে বিভিন্ন জায়গায় শব্দবোমাও ফাটান। সাধারণত জোরালো শব্দে কুমির নড়াচড়া করলে তার অবস্থান বোঝা যায়। কিন্তু এবার সেই কৌশলও কাজে আসেনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বনদপ্তরের কর্মীদের সামনে একবারের জন্যও দেখা দেয়নি কুমিরটি।
ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়েও সফল না হওয়ায় শেষ পর্যন্ত অভিযান স্থগিত করে ফিরে যান বনদপ্তরের কর্মীরা। যদিও ক্যামেরার সামনে কথা বলতে চাননি তাঁরা, তবে প্রাথমিকভাবে জানিয়েছেন, তাঁদের ধারণা কুমিরটি হয়ত কোনও সংযোগপথ দিয়ে আবার জগদ্বল নদীতে ফিরে গেছে। তবে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক বনদপ্তরের এক আধিকারিক জানালেন এলাকায় নজরদারি অব্যাহত থাকবে। পুকুর ও আশপাশের এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে ফের উদ্ধার অভিযান শুরু করা হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অযথা পুকুরে না নামা, শিশুদের একা বাইরে না পাঠানো এবং কুমিরের দেখা মিললে সঙ্গে সঙ্গে বনদপ্তরকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এদিকে, বনদপ্তরের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মল্লিকা হালদার বলেন, বিকেল বেলা গ্রামের শেষ কয়েকজন পুকুরে কুমির দেখতে পায় এরপরে বনদপ্তরের খবর দিলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং সারারাত তল্লাশি অভিযান চালায় কিন্তু সকালবেলা ও বনদপ্তর যখন অভিযান চালায় তখন কুমিরের দেখা মেলেনি। আমরা আতঙ্কে রয়েছি।তবে আমাদের মনে এখন একটাই প্রশ্ন—যে কুমিরকে এত মানুষ নিজের চোখে দেখেছেন, যার ভিডিওও তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই কুমির হঠাৎ কোথায় গেল? আদৌ কি সে নদীতে ফিরে গেছে, নাকি এখনও পুকুরের কোথাও লুকিয়ে রয়েছে?
এই রহস্যের উত্তর এখনও মেলেনি। ফলে মাধবনগর জুড়ে আতঙ্কের আবহ বজায় রয়েছে। এলাকাবাসীর মুখে এখন একটাই প্রশ্ন—'কুমির গেল কোথায়?'