• চোখের সামনে তলিয়ে গেল দাদু! নদীর পাড়ে আকুল চোখে খুঁজছে নাতি, মর্মান্তিক মৃত্যু
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • মাছ ধরতে গিয়ে মহানন্দা নদীর প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ। নিখোঁজের হওয়ার কয়েক ঘণ্টা পর রাতে উদ্ধার হল ৭০ বছর বয়সী এক বৃদ্ধের দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া-১ ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের ঘুড়ঘুরামনি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে মৃতের নাম, আব্দুল কুদ্দুস (৭০)। তিনি ঘুড়ঘুরামনি গ্রামের বাসিন্দা।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তিনি তাঁর ১৫ বছরের নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বর্ষার জলে ফুলে ওঠা নদীতে কিছুটা এগিয়ে গেলে হঠাৎ প্রবল স্রোতে ভেসে তলিয়ে যান তিনি। চোখের সামনে দাদুকে নদীতে তলিয়ে যেতে দেখে নাতি প্রাণপণ চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেনি। পরে তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় রতুয়া থানায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। স্পিডবোট নিয়ে দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি অভিযান চালান হলেও বিকেল পর্যন্ত বৃদ্ধের কোনও সন্ধান পাওয়া যায় না। পরে গভীর রাতে উদ্ধারকারী দল এবং স্থানীয়দের সহযোগিতায় তল্লাশিতে মহানন্দা নদী থেকে আব্দুল কুদ্দুসের নিথর দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

    ঘটনার জেরে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনায় সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল নদীর পাড়ে দাঁড়িয়ে ছোট্ট নাতির বারবার দাদুকে খোঁজার আকুতি। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। বর্ষাকালে মহানন্দা নদীর প্রবল স্রোতের কারণে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি নদীতে মাছ ধরতে বা অন্য কোনও কাজে নামার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে উদ্ধারকারী বাহিনী।
  • Link to this news (News18 বাংলা)