• মুর্শিদাবাদে প্রকাশ্য রাস্তায় হাসুয়ার কোপে খুন, অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত খাজুরিয়া গ্রামে রবিবার সকালে এক নৃশংস খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম নফল শেখ।

    স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নফল শেখ সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, গ্রামের খেলার মাঠের সামনে পৌঁছতেই হাবু শেখ নামে এক ব্যক্তি তাঁকে সাইকেল থেকে নামিয়ে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপ মারেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    পরিবার ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, পূর্বের কোনো ব্যক্তিগত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঠিক কী কারণে এই নৃশংস ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত হাবু শেখ পলাতক বলে জানা গিয়েছে। খবর পেয়ে নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    অন‍্যদিকে, গত, ৮ জুলাই বুধবার সকালবেলা ব্যস্ত সময়ে সোদপুরে ফিউচার গেট এলাকায় প্রেমিকাকে কুপিয়ে খুন করে প্রেমিক৷ প্রেমিকাকে কোপানোর পর নিজের পেটেও ছুরি দিয়ে আঘাত করে প্রেমিক৷ পথচলতি মানুষ বাধা দিতে গেলে তাঁদের উপরেও ছুরি দিয়ে হামলার চেষ্টা করে অভিযুক্ত৷ দু-জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রেমিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত যুবক৷

    জানা গিয়েছে মৃতার নাম গীতা দাস৷ তিনি সোদপুরের নাটাগড় এলাকার মহেন্দ্র নগরের বাসিন্দা৷ ৩৩ বছর বয়সি ওই তরুণীর সঙ্গে হামলাকারী যুবকের অনেক দিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ দু জনের মধ্যে প্রায়শই প্রকাশ্যে অশান্তিও হত৷ যদিও অভিযুক্ত যুবকের পরিচয় এখনও জানা যায়নি৷
  • Link to this news (News18 বাংলা)