FIR দায়ের করার ক্ষেত্রে কোনও রকম গড়মসি চলবে না। মহিলারা অভিযোগ জানাতে গেলে, আলাদা গুরুত্ব দিয়ে তা দেখা হবে। এ বার আরও কড়া লালবাজার। জ়িরো FIR-এ দ্রুত পদক্ষেপের জন্য কী কী নির্দেশ মানতে হবে, তা নিয়ে রবিবার নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার। আগামিকাল, সোমবার থেকে গুন্ডাদমন আইন কার্যকর হতে চলেছে পশ্চিমবঙ্গে। তার আগে তাৎপর্যপূর্ণ নির্দেশ লালবাজারের। যে থানায় জ়িরো FIR দায়ের করা হবে, সেই থানার ওসিকে উদ্যোগী হতে হবে FIR স্থানান্তরিত করার ক্ষেত্রে। যে থানায় FIR স্থানান্তরিত হবে, সেই থানার ওসির সঙ্গে যোগাযোগ করবেন তিনি।
কলকাতা পুলিশের অধীনে যে থানাগুলি আছে, সেখানে কোনও মহিলা যদি সমস্যা নিয়ে যান বা অভিযোগ জানাতে যান, তা যাতে জ়িরো FIR হিসেবে দেখা হয়, তা স্পষ্ট করা হয়েছে। তার রেজিস্ট্রেশন ও জ়িরো FIR স্থানান্তরিত করার ক্ষেত্রে দ্রুত পুলিশের ডিভিশনাল ডেপুটি কমিশনারের (ডিসি) কাছে রিপোর্ট করতে হবে।
কলকাতার যে কোনও থানাতে যদি জ়িরো FIR দায়ের হয়, যে থানায় তা স্থানান্তরিত করা হবে, সেখানে প্রথম থানার ওসি নিজে কথা বলবেন এবং গোটা বিষয় জানাবেন। যিনি অভিযোগ করছেন, তাঁর সম্পর্কিত সমস্ত তথ্য প্রথম থানার ওসি মামলা স্থানান্তরিত হওয়া থানার ওসিকে জানাবেন।
জ়িরো FIR হলে তা হস্তান্তর করে দায় সারলেই হবে না, কলকাতার ডিভিশনাল ডিসিদেরও প্রতিটি থানার তরফে তা রিপোর্ট করতে হবে।