• অবশেষে সন্ধান মিলল দিঘার জয় মা কালী ট্রলারের, মৎস্যজীবীদের চলছে খোঁজ
    News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
  • জয় মা কালী ট্রলারের সন্ধান মিলল অবশেষে। তবে এখনও মৎস্যজীবীরা কি অবস্থায় রয়েছেন তা জানা যায়নি। ট্রলারের মধ্যে মৎস্যজীবীদের মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচরে উল্টে থাকা ট্রলারটিকে শনাক্ত করা হয়। বনদফতর, গোবর্ধনপুর কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সংগঠনের যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সন্ধ্যেয় পাথরপ্রতিমার গোবর্ধনপুরের সীতারামপুর উপকূলে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, দীঘার শংকরপুর বন্দর থেকে গত ২ জুলাই মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ‘মা কালী’ ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বনদফতর ও মৎস্যজীবী সংগঠনগুলির যৌথ তল্লাশি অভিযান শুরু হয়।

    শনিবার থেকে উদ্ধার অভিযান চলে সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর চিত্রক ভট্টাচার্যের নেতৃত্বে। অভিযানে অংশ নেন রামগঙ্গা রেঞ্জের রেঞ্জার কবীর হোসেন সহ বনদফতরের অন্যান্য আধিকারিক, বনকর্মী এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। ট্রলারটিকে রবিবার সন্ধ্যায় অন্য কয়েকটি ট্রলারের সাহায্যে উল্টে থাকা অবস্থাতেই সীতারামপুর ঘাটে টেনে আনার পর ট্রলারে থাকা ১৫ জন মৎস্যজীবীর মধ্যে একজনের দেহ উদ্ধার হয়। মৃতদেহটি ট্রলারের ইঞ্জিনের সঙ্গে আটকে ছিল বলে জানিয়েছেন রামগঙ্গার রেঞ্জার।

    নিখোঁজ মৎস্যজীবীদের দু’জন ওড়িশার বাসিন্দা বলেও জানা গিয়েছে। প্রশাসনের আশঙ্কা, নিখোঁজ অন্যান্য মৎস্যজীবীদের কেউ ভেতরে আটকে থাকতে পারেন। ট্রলারটির ভিতর ভর্তি থাকা জল খালি করে তল্লাশি চলছে। জল সম্পূর্ণ খালি হলে নিখোঁজ মৎস্যজীবীদের ভাগ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন আধিকারিকরা। এদিকে ঘটনার খবর পেয়ে শংকরপুর থেকে ফ্রেজারগঞ্জে ট্রলারের মালিকপক্ষ পৌঁছেছেন।
  • Link to this news (News18 বাংলা)