• রান্না করতে গিয়ে বিপত্তি? আবাদা স্টেশনের রেল ইয়ার্ডের দু’টি কন্টেনারে আগুন, চাঞ্চল্য
    এই সময় | ১৩ জুলাই ২০২৬
  • দক্ষিণ-পূর্ব রেলের আবাদা স্টেশন সংলগ্ন রেল ইয়ার্ডের দুটি কন্টেনারে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে দু’টি কন্টেনারের অধিকাংশই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কী ভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ আবাদা স্টেশনের পাশের রেল ইয়ার্ডে রাখা একটি কন্টেনার থেকে ধোঁয়া বেরতে দেখেন এলাকার লোকজন। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। পাশে আর একটি কন্টেনার ছিল। কিছুক্ষণের মধ্যে তাতেও আগুন ছড়িয়ে পড়ে।

    অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চলে আসে সাঁকরাইল থানার পুলিশও। আগুন যাতে আশপাশের কন্টেনারে ছড়িয়ে না পড়ে, সে দিকেও বিশেষ নজর রেখেছিলেন দমকলকর্মীরা।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি কন্টেনারে ভিতরে ছোট গ্যাসের ওভেন জ্বালিয়ে রান্না করছিলেন চালক ও খালাসিরা। সেখান থেকেই কোনও ভাবে আগুন ছড়িয়ে পড়ে বলে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ।

    রেল সূত্রে খবর, আগুন লাগার সময়ে ইয়ার্ডে একাধিক কন্টেনার রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে দমকলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কীভাবে আগুন লাগল, নিরাপত্তাবিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)