• রবিবারের এই পিকনিকই হয়ে গেল শেষ ছুটি! খাওয়া, দাওয়া, আড্ডার পর...মর্মান্তিক পরিণতি যুবকের
    News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
  • পিকনিকে গিয়ে নৌকা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নরাদাহ ডুমুর বাওড়ে পিকনিকে এসে নৌকা বিহারের সময়, জলে ডুবে ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    রবিবার ছুটির দিনে সহকর্মীদের সঙ্গে আনন্দ করতে এসে এমন দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও সহকর্মীদের মধ্যে। মৃত যুবকের নাম সুরাজ শাহ। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুর মুরাগাছি এলাকায়।

    জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার কর্মীরা রবিবার নরাদাহ ডুমুর বাওড়ে পিকনিক করতে আসেন। দিনভর খাওয়া-দাওয়া ও আনন্দ-আড্ডার মধ্যেই কয়েকজন সহকর্মী নৌকা বিহারে বের হন। সেই সময় নৌকাটিতে হঠাৎই জলে ডুবে যায়। সহকর্মীরা প্রথমে নিজেরাই উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান না মেলায়, খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে।

    ঘটনাস্থলে ডুবুরিরা নিয়ে এসে তল্লাশি চালান হয়। দীর্ঘ সময় পর সুরাজের দেহ জল থেকে উদ্ধার হয়। দেহ বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে নৌকাটি ডুবল এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    ছুটির দিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এক সহকর্মীর সৌরভ ঘোষ এর কথায়, ‘‘আমরা ছুটির দিনে সহকর্মীরা মিলে আনন্দ করার জন্য এখানে এসেছিলাম। সকাল থেকেই ভাল আনন্দ হচ্ছিল কিন্তু, আনন্দের মাঝেই নৌকা নিয়ে কয়েকজন বাওড়ে ঘুরছিল সেই সময় হঠাৎই নৌকায় জল ভরে নৌকাটি ডুবে যায় আর তার সঙ্গে সুরজ ও জলে তলিয়ে যায়।’’

    তিনি আরও জানান, ‘‘এরপর আমরা স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি করলেও, খুঁজে না পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ডুবুরি নামিয়ে দেহ খোঁজার চেষ্টা চালায়। তবে দীর্ঘ সময় পর অবশেষে দেহ উদ্ধার হয়।’’ ওই যুবক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। মৃত যুবকের পরিবারকে কী উত্তর দেবেন তা বুঝে উঠতে পারছেন না সহকর্মীরা।
  • Link to this news (News18 বাংলা)