• 'খেলা হবে' দিবস বাতিল, ১৬ অগাস্ট নিয়ে বড় পরিকল্পনা রাজ্যের! ঘোষণা করলেন শুভেন্দু
    News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
  • ১৬ অগাস্ট খেলা হবে দিবস হিসেবে উদযাপনের জন্য ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সরকারের আমলে রাজ্য জুড়েই ওই দিনটিতে সরকারি উদ্যোগে পালিত হত খেলা হবে দিবস৷ এবার সেই ১৬ অগাস্টই রাজ্যে আয়ুষ্মান দিবস পালন করবে রাজ্য সরকার৷ রবিবার মেছেদায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

    শুভেন্দু অধিকারী বলেন, ‘১৬ অগাস্ট কলকাতার ক্ষেত্রে ভয়ঙ্কর দিন৷ ওই দিনই সুরাওয়ার্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল৷ আর সেই দিনটায় তৃণমূল কংগ্রেসের সরকার খেলা হবে দিবস পালন করত৷ আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে৷ আপনাদের চিন্তা করার কোনও কারণ নেই৷ সবে ৬২ দিন বয়স হয়েছে সরকারের৷’

    তবে আয়ুষ্মান দিবসে রাজ্য সরকারের কী পরিকল্পনা আছে, তা এ দিন বিস্তারিত বলেননি মুখ্যমন্ত্রী৷ সময় মতো রাজ্য সরকার এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

    এ দিনও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, অন্নপূর্ণা যোজনা হোক বা আয়ুষ্মান ভারত- আবেদনকারীরা যদি যোগ্য হন এবং সব শর্ত পূরণ করেন তাহলে কাউকেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না৷

    মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেক বিধানসভায় ৩৫ থেকে ৪০ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন৷ তাঁরা আমাদের ধন্যবাদ জানাচ্ছেন৷ ৩০ অগাস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে৷ যোগ্য যাঁরা বাকি আছেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন৷ প্রত্যেকটা অর্থনৈতিক প্রকল্পে প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে৷ জল, জমি না থাকলে পিএম কিসান পাবেন না৷ এখন আপনি যদি বলেন আপনাকে পিএম কিসানের সুবিধা দিতে হবে, কীভাবে হবে? বিশ্বকর্মা যোজনার জন্য হাতের কাজ জানতে হবেই৷ ৭০ বছরের বেশি বয়স হলে আয়ুষ্মান ভারতে সবাই অন্তর্ভুক্ত হবে৷ তার কম বয়স হলে যাচাই করা হবে৷ এতেই ৭০ শতাংশ মানুষকে স্বাস্থ্যবিমার আওতায় আনা যাবে৷ বাকি যাঁরা পাবেন না তাঁদের জন্য একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প চালু হবে৷’

    ১৯৪৬ সালের ১৬ অগাস্ট অবিভক্ত বাংলায় ব্যাপক ধর্মীয় হিংসার ঘটনা ঘটে৷ এই ঘটনার জন্য সরাসরি দায়ী করা হয় বুচার অফ বেঙ্গল হিসেবে কুখ্যাত অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহিদ সোহরাবর্দীকে৷ এই ঘটনাই দেশভাগের পটভূমি তৈরি করে দিয়েছিল বলেও দাবি করা হয়৷ মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের যে দাবি মুসলিম লিগ তুলেছিল, ১৯৪৬-এর এই দাঙ্গার পর সেই দাবি পূরণের পথই প্রশস্ত হয়েছিল৷
  • Link to this news (News18 বাংলা)