অফিসের মধ্যে পড়ে আছে অসংখ্য ডিজিটাল রেশন ও ভোটার কার্ড-সহ সরকারি নথি। না, কোনও সরকারি অফিসে নয়। এই সমস্ত সরকারি নথি উদ্ধার হয়েছে বন্ধ থাকা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে। নদিয়ার নবদ্বীপ এলাকা থেকে সেগুলি উদ্ধার হওয়ার পরে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। কী কারণে এই নথিগুলি সেখানে রাখা হয়েছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, ডিজিটাল রেশন ও ভোটার কার্ড-সহ সরকারি নথি উদ্ধার হয়েছে নবদ্বীপের প্রাচীন মায়াপুর বসাকপাড়া মোড় সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয় থেকে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। ঘটনায় খবর পেয়ে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ।
বিজেপির নবদ্বীপ উত্তর মণ্ডলের সহ-সভাপতি তন্ময় কুণ্ডু জানান, নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য ৭ নম্বর ওয়ার্ডে অস্থায়ী শিবির পরিচালনা করছিল বিজেপি। তাঁর দাবি, স্থানীয় তৃণমূলের কয়েকজন নেতা-নেত্রী ওই বন্ধ কার্যালয়টি ব্যবহারের জন্য বিজেপির হাতে তুলে দিতে সম্মত হন এবং কয়েক দিন আগে কার্যালয়ের চাবি তাদের হাতে দেওয়া হয়।
বিজেপি নেতাদের দাবি, ওই কার্যালয় খুলে দেখা যায় একটি ঘরের আলমারি খোলা অবস্থায় রয়েছে এবং সেখানে থাকা কম্পিউটারটি নেই। একই সঙ্গে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিপুল পরিমাণ ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, মৎস্যজীবী পরিচয়পত্র-সহ বিভিন্ন সরকারি নথি। অধিকাংশ নথিই এলাকার বাসিন্দাদের বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে বলে দাবি বিজেপির। সাধারণ মানুষের সরকারি নথি দলীয় কার্যালয়ে রাখার ফলে বাসিন্দারা সরকারি পরিষেবা পেতে সমস্যার মুখে পড়েন বলেও দাবি তাঁদের। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে উপযুক্ত আইনি পদক্ষেপ করার দাবিও জানিয়েছে বিজেপি।
রবিবার ওই কার্ড এবং নথিগুলি উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ। যে সমস্ত স্থানীয় বাসিন্দাদের নথি উদ্ধার হয়েছে তাঁদের স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
তবে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।