ভিন রাজ্যে কাজে যাওয়ার জন্য ‘দাদন’ হিসেবে দেওয়া হয়েছিল মাত্র ৬ হাজার টাকা। কিন্তু ওই টাকা নেওয়ার পরেও কাজে যাননি এক ব্যক্তি। এই কারণে তাঁকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধার করেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামপুর থানার কদমতলা এলাকার বাসিন্দা অমিত সূত্রধর এক জন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, ভিনরাজ্যে কাজে পাঠানোর জন্য ঠিকাদার মনোরঞ্জন তরফদারের কাছ থেকে তিনি ৬ হাজার টাকা দাদন হিসেবে নিয়েছিলেন। কিন্তু পরে তিনি আর কাজে যাননি। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর নিখোঁজ হয়ে যান অমিত। পরিবারের অভিযোগ,শনিবার রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ফোন করে অমিতকে ছাড়িয়ে নিতে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এর পরই আতঙ্কিত পরিবারের সদস্যরা গঙ্গারামপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে রাত ভর অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত ঠিকাদার, একটি গাড়ির চালক-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বাড়ি গঙ্গারামপুর শহরের দত্তপাড়া এলাকায়।
গঙ্গারামপুর মহকুমার এক পুলিশ আধিকারিক জানান, অপহরণের অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্ত শুরু করা হয়। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। দাদনের টাকা ও মুক্তিপণ দাবির অভিযোগ-সহ গোটা ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
রবিবার ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর আদালতে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।