144 থেকে বেড়ে 200 ! কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসে কমিটি গঠন
eTV Bharat | ১৩ জুলাই ২০২৬
কলকাতা, 12 জুলাই: 144 থেকে বেড়ে কলকাতার ওর্য়াড সংখ্যা হতে পারে 200টি৷ কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস করার লক্ষ্যে তৈরি হয়েছে একটি কমিটি৷ যার নাম দেওয়া হয়েছে সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি। স্পেশাল কমিশনার এই কমিটির চেয়ারম্যান। আমন্ত্রিত হিসেবে আছেন ডিইও নর্থ, ডিইও সাউথ এবং দক্ষিণ 24 পরগনার জেলাশাসক।
কয়েকদিন আগে কলকাতা পুরনিগমের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেই অনুষ্ঠান থেকে তিনি জানিয়ে গিয়েছিলেন, কলকাতা পুরনিগমের ভোট হবে চলতি বছরের নভেম্বর মাসের মধ্যেই। পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ভোটের আগে কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস করা হবে। এবার সেই লক্ষ্যে গঠিত হল সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটি।
কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, এই কমিটির মাথায় থাকছেন পুর স্পেশাল কমিশনার সৌম্য ভট্টাচার্য। কমিটির সদস্য হিসেবে আছেন চিফ ল-অফিসার মহম্মদ সেলিম আনসারী, যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতি, ডিজি সিভিলের জ্যোতিপ্রকাশ সরকার, চিফ ম্যানেজার রেভিনিউ (নর্থ) সৌভিক সিকদার, চিফ ম্যানেজার রেভিনিউ (সাউথ) ভাস্কর ভট্টাচার্য, চিফ ম্যানেজার রাখি গঙ্গোপাধ্যায় ও মুকুলরঞ্জন বারুই, চিফ ভেক্টর অফিসার দেবাশিস বিশ্বাস৷ মেম্বার সেক্রেটারি হয়েছেন চিফ ভ্যালুয়ার অ্যান্ড সার্ভেয়ার নীতীশ বসাক।
মোট 200টি ওয়ার্ড করার লক্ষ্যে এই কমিটি ওয়ার্ডগুলির সীমা নির্ধারণ স্ক্রুটিনি করবে। অঞ্চল বিন্যাস করবে। এই কমিটি ডিলিমিটেসনের কাজ নজরদারি করবে, পরামর্শ দেবে। এই কমিটি সহযোগিতা করবে বরো ডি কমিটিকে। যাতে বরো এলাকাগুলি সুষ্ঠুভাবে পুনর্বিন্যাস করা যায়। এর জন্য সকল সদস্যকে ট্রেনিং দেওয়া হবে। পুরনিগম সূত্রে খবর, এক একটি ওয়ার্ডে 15000-16000 ভোটার রাখা হবে। আয়তনের দিকে বিচার করা হবে। পরিষেবার ভাগ কী হবে, সেটাও দেখা হবে। 56টি ওয়ার্ড বাড়লে বাড়বে বরোর সংখ্যাও। পাশাপশি কলকাতা পুরনিগমের মূল ভবনে অধিবেশন কক্ষের অভ্যন্তরে বসার জায়গা বাড়ানো পরিকল্পনা চলছে।
কমিটিতে আমন্ত্রিত সদস্য ডিস্ট্রিক ইলেকশন অফিসার (নর্থ), ডিস্ট্রিক ইলেকশন অফিসার (সাউথ), জেলাশাসক (দক্ষিণ 24 পরগনা)। এই কমিটির রিপোর্ট আগামী 27 তারিখের মধ্যেই কলকাতা পুরনিগমের প্রশাসকের কাছে জমা পড়বে৷
কলকাতায় বড় ওয়ার্ডগুলির মধ্যে আছে 58, 109, 65-র মতো ওয়ার্ড। এসআইআর পর্ব শেষে এখানে 45 থেকে পঁচাশি হাজারের কাছাকাছি ভোটার সংখ্যা রয়েছে। এদিকে, কেন্দ্রীয় কমিটির মতো প্রতিটি বরো এলাকায় সিভিল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে মাথায় রেখে 5-6 জনের একটি বরো ডিলিমিটেশন কমিটিও গঠন করা হয়েছে। কলকাতা পুরনিগমের এক আধিকারিক বলেন, "প্রস্তুতি চলছে। চলতি মাসের 27 তারিখের মধ্যেই প্রশাসক ও পুর কমিশনারের স্মিতা পাণ্ডের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। তার ভিত্তিতে তিনি সুপারিশ করবেন রাজ্য নির্বাচন কমিশনের কাছে।"