• চার বছর পর চা বাগানে ফিরল মালিকপক্ষ, খুশি শ্রমিকরা
    বর্তমান | ১৩ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, চোপড়া: দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান। রবিবার হাপতিয়াগছের পেয়ারিলাল চা বাগানে পা রাখল মালিক কর্তৃপক্ষ। এদিন বিজেপি নেতা শংকর অধিকারীর উপস্থিতিতে বাগানের মালিক অজয় আগরওয়াল এবং তাঁর পুত্র অধিরাজ বাগানে আসেন। চার বছর পর মালিকপক্ষকে সামনাসামনি দেখতে পেয়ে খুশি বাগানের শ্রমিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই চা বাগানে দীর্ঘদিন ধরে অন্তত ১৫০ শ্রমিক নিয়মিত কাজ করতেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের জমানায় লাগাতার হুমকি এবং মাফিয়ার দাপটে বাগান ছেড়ে চলে যেতে বাধ্য হয় মালিকপক্ষ। ২০২৩ সালেও এই বাগানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেসময় চোপড়ার এই চা বাগানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। এদিন নিজের বাগানে ফিরে ক্ষোভ উগরে দিয়েছেন মালিক অজয় আগরওয়াল। বলেন, তৃণমূলের কিছু নেতা ও মাফিয়ার অত্যাচারে চার বছর আগে আমাদের বাগান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বাগানের সার, ট্র্যাক্টর, ট্রলি, পাম্প ও সেচের সমস্ত পাইপ লুট করে নেওয়া হয়। বাগান বিক্রি করে চলে যাওয়ার জন্য চাপও দেওয়া হয়। কিন্তু এবার বিজেপি নেতা শংকর অধিকারীর তৎপরতায় এবং দলের আশ্বাসে বাগান খোলার সাহস পেয়েছি। খুব শীঘ্রই আমরা বাগান চালু করব। শ্রমিকদের আশ্বস্ত করে মালিক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বাগান পুরনো ছন্দে ফিরবে। সমস্ত শ্রমিক কাজ ফিরে পাবেন। বিজেপি নেতা শংকরের তোপ, তৃণমূল নেতারা চোপড়ার অনেক বাগান জোর করে দখল করার এবং মালিকদের তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। এবার সরকার পাল্টেছে। আর ভয় নেই। বাগান মালিকদের নির্ভয়ে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। এবিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি তৃণমূল নেতারা।
  • Link to this news (বর্তমান)