• এক মাসের মধ্যে বন্ধ চা বাগান খোলার নির্দেশ দিলেন শ্রমমন্ত্রী
    বর্তমান | ১৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক মাসের মধ্যে খুলতে হবে বন্ধ চা বাগান। তা না হলে জেলে যেতে হবে। রবিবার টানা পাঁচ ঘণ্টা বৈঠকের পর বন্ধ বাগানের মালিকপক্ষকে এমন হুঁশিয়ারি দেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। একইসঙ্গে তিনি বলেন, বন্ধ বাগানের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সেই সংখ্যা ৩০-৩২টি হবে। বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলদারি নীতির জেরে চরম অরাজকতা তৈরি করা হয়েছে চা শিল্পে। এখন সেসব চলবে না। শ্রমিকের পিএফ, গ্র্যাচুইটি বকেয়া রাখায় অভিযুক্ত বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে, কার্শিয়াংয়ে দীর্ঘদিন ধরে বন্ধ লংভিউ চা বাগানে শ্রমিকরা অনশন আন্দোলন করছেন। আজ, সোমবার সংশ্লিষ্ট বাগান পরিদর্শন করবেন শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এই তথ্য দিয়ে শ্রমমন্ত্রী বলেন, এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে চা এক্সপো ও কর্পোরেশন তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

    এদিন মিনি সচিবালয় উত্তরকন্যায় চা শিল্প নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন শ্রমমন্ত্রী। বেলা ১টা নাগাদ বৈঠক শুরু হয়। তা চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রথমে বিটিডব্লুইউ, বিএমএস, আইএনটিটিইউসি, সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও চা বাগান মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন। পরে বৈঠক করেন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। বৈঠকে শ্রমমন্ত্রী ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ রাজু বিস্তা ও মনোজ টিগ্গা, অর্থ ও পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়কমন্ত্রী বিশাল লামা প্রমুখ উপস্থিত ছিলেন।

    শ্রমমন্ত্রী বলেন, বন্ধ চা বাগানের সংখ্যা নিয়েও বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন ২০টি, আবার কেউ বলছেন ৩২টি বাগান বন্ধ। পাহাড়-সমতলে ৩০-৩২টি বাগান বন্ধ বলেই মনে হচ্ছে। বৈঠকে বন্ধ চা বাগানের মালিকদের কয়েকজন হাজির ছিলেন। আবার কয়েকজন আসেননি। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এক মাসের মধ্যে বন্ধ বাগান চালু করতে হবে। যাঁরা এই নির্দেশ মানবেন না তাঁদের পাশে সরকার থাকবে না। তাঁদের জেল ও জরিমানা হবে। যাঁরা আইন-কানুন মেনে চা বাগান চালাবেন, তাঁদের পাশে থাকবে সরকার। প্রচুর শ্রমিকের পিএফ, গ্র্যাচুইটি বকেয়া। অভিযুক্ত বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছি। কারণ শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটি, রেশন লুট করে আর খাওয়া চলবে না।
  • Link to this news (বর্তমান)