• জর্জ টেলিগ্রাফকে ৩-০ গোলে হারিয়ে লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল
    বর্তমান | ১৩ জুলাই ২০২৬
  • ইস্ট বেঙ্গল-৩ : জর্জ টেলিগ্রাফ-০

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত মরশুমে অস্কার ব্রুজোঁর দলে সেভাবে ম্যাচ টাইম পাননি জেসিন টিকে। আন্তোনিও লোপেজ হাবাস কি তাঁকে সুযোগ দেবেন? ঘরোয়া লিগের প্রথম ম্যাচে জেসিন বুঝিয়ে দিলেন তিনি এবারও তৈরি। এদিন জর্জ টেলিগ্রাফকে ৩-০ গোলে হারিয়ে লিগ অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড। রবিবার বিকেলে লাল-হলুদ জার্সিতে ঝলমল করলেন কেরালাইট ফুটবলার জেসিন।

    জর্জের বিরুদ্ধে শুরুতেই গোল তুলে নিতে চেয়েছিল ইস্ট বেঙ্গল। জেসিন, বিষ্ণু জুটিকে সামনে রেখেই দল সাজিয়েছিলেন বিনো জর্জ। ২৬ মিনিটে কেরালাইট কম্বিনেশনেই গোলের দরজা খোলে মশালবাহিনী। বিষ্ণুর ছোটো পাস ধরে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে লক্ষ্যভেদ জেসিনের (১-০)। ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল এরপরেই। এক্ষেত্রে জেসিন বল বাড়িয়েছিলেন সেই বিষ্ণুকে। একা গোলরক্ষককে পেয়েও জাল কাঁপাতে ব্যর্থ এই উইং হাফ। যাই হোক, বিরতির আগে ২-০। এক্ষেত্রে, পেনাল্টি থেকে জাল কাঁপান জোসেফ জাস্টিন (২-০)। এরপর ৮৫ মিনিটে তৃতীয় গোল বিলালের (৩-০)। জর্জের কোচ এবার ব্রাজিলিয়ান ব্যারেটো। তমলুক খেলাঘরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। তবে দল এখনও তৈরি নয়। কিংবদন্তি সাহু মেওয়ালালের জন্মশতবর্ষে এবারের লিগ তাঁকেই উৎসর্গ করেছে আইএফএ। ম্যাচের আগে মেওয়ালালের স্মৃতিতে স্ট্যাম্প প্রকাশ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলাররা ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
  • Link to this news (বর্তমান)