এই সময়, নয়াদিল্লি: প্রায় সাত বছর হয়ে গেল পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু–কাশ্মীর৷ ২০১৯–এর ৫ অগস্ট ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামের দু’টি কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করা হয়৷ এর পর থেকেই জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সরব কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দল৷ সেই প্রশ্নেই রবিবার কেন্দ্রীয় সরকারকে ফের তীব্র নিশানা করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা৷
জম্মুর মহারাজা হরি সিং পার্কে আয়োজিত একটি জনসভা থেকে ওমরের প্রশ্ন, ‘জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর জন্য এ বার কি আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যেতে হবে?’
ওমরের সংযোজন, ‘জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো আমাদের অধিকার, ভিক্ষা নয়৷’ ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন৷ এই অধিবেশন চলাকালীনই জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে ওমর নিজে দিল্লির যন্তর মন্তরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকার বিরোধী ধর্নায় অংশ নেবেন বলে জানিয়েছেন। ওমরের প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী মোদী একাধিক বার জম্মু-কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন, তার কী হলো?’