• বন্ধুকে খুঁজে বের করে ৩৫ বছর আগের ধার পরিশোধ, মাত্র ১ হাজার নিয়ে ফেরত ২৫ হাজার টাকা
    বর্তমান | ১৩ জুলাই ২০২৬
  • হায়দরাবাদ: কথায় বলে, সততা আর সত্যিকারের বন্ধুত্ব কখনো ফুরিয়ে যায় না। সম্প্রতি তারই সাক্ষী থাকল তেলেঙ্গানার একটি ছোটো গ্রাম। ৩৫ বছর আগে বন্ধুর থেকে নেওয়া ১ হাজার টাকা ফিরিয়ে দিলেন মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তি। ফোন নম্বর, ঠিকানা সঙ্গে না থাকা সত্ত্বেও বন্ধু এডলা লাচান্নার বাড়ি খুঁজে বের করেন তিনি। সেখানে গিয়ে সুদ সমেত ২৫ হাজার টাকা মিটিয়ে দেন কেরলের বাসিন্দা ইসমাইল। 

    ইসমাইল ও লাচান্নার বন্ধুত্বের সূত্রপাত ১৯৯১ সালে। সৌদি আরবের আবকাইকে কাজ করতেন দু’জনে। আরও তিন প্রবাসীর সঙ্গে একই ঘরে থাকতেন। পাঁচ বছর একসঙ্গে থাকার ইসমাইল ও লাচান্না একে অপরের বন্ধু হয়ে ওঠেন। সেই সময় লাচান্নার থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন ইসমাইল। যার তৎকালীন ভারতীয় মূল্য ছিল ১ হাজার টাকা। ইসমাইল কথা দিয়েছিলেন, সুযোগ পেলেই পুরো টাকা শোধ করে দেবেন। এর কয়েকদিন পরেই ভারতে ফিরে আসেন লাচান্না। নয়ের দশকে মোবাইল বা সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না। ফলে দুই বন্ধু একে অপরের থেকে আলাদা হয়ে যান। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ৩৫ বছর। কিন্তু ইসমাইল বন্ধুর থেকে নেওয়া ঋণের কথা কিছুতেই ভুলতে পারেননি। সম্প্রতি তিনি ঠিক করেন, যেভাবে হোক বন্ধুকে খুঁজে টাকা ফেরত দেবেন। কাজটা মোটেই সহজ ছিল না। বন্ধুর মোবাইল নম্বর বা ঠিকানা কিছুই ছিল না তাঁর কাছে। তবে বন্ধুর বাড়ি যে তেলেঙ্গানার ধর্মপুরীতে সেটা মনে ছিল। সেখানে পৌঁছে যান ইসমাইল। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করে বন্ধুর ঠিকানা জানার চেষ্টা করতে থাকেন। অবশেষে গত ৯ জুলাই বন্ধু ও প্রাক্তন সহকর্মীর বাড়ির হদিশ পান ইসমাইল। গিয়ে জানতে পারেন, লাচান্না আবার কাজের সূত্রে উপসাগরীয় অঞ্চলে চলে গিয়েছেন। তাতে কী! বন্ধুর পরিবারের হাতে সুদ সমেত ২৫ হাজার তুলে দেন ইসমাইল। পরে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে প্রাক্তন সহকর্মীর সঙ্গে কথাও বলেন তিনি। বন্ধুর এই সততায় মুগ্ধ লাচান্না। তাঁর কথায়, ‘ইসমাইল অত্যন্ত সৎ ও ভালো মনের মানুষ। ৩৫ বছর আগে ওকে টাকা ধার দিয়েছিলাম। কোন হিসাবে ও আমায় ২৫ হাজার দিল তা বলতে পারব না। এটা আমাদের বন্ধুত্বের পরিচয়।’ 
  • Link to this news (বর্তমান)