• বিদ্যাসাগর সেতু বন্ধ, ‘ইস্ট ওয়েস্টে’ বিকাল পর্যন্ত নেই মেট্রোও, ভোগান্তি
    বর্তমান | ১৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জরুরি রক্ষণাবেক্ষণের জন্য (কেবল ও বিয়ারিং বদল) রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। আর এদিনই সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন) রুটে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। ফলে রবিবার ছুটির দিনেও চরম ভোগান্তির মুখে পড়তে হল আম জনতাকে। হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন, বঙ্কিম সেতু হয়ে ফোরশোর রোড পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দিনভর তীব্র যানজটের কবলে চলে যায়। সেই সুযোগে ট্যাক্সি, অ্যাপ ক্যাবগুলি ইচ্ছেমতো ভাড়া হেঁকেছে বলেও অভিযোগ। প্রসঙ্গত, কমিশনার অব রেলওয়ে সেফটির পরিদর্শনের জন্য এদিন সকাল থেকে যে এই রুটে পরিষেবা বন্ধ থাকবে, তা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

    রবিবারও খোলা থাকে সল্টলেক সেক্টর ফাইভের বহু অফিস। সকাল থেকে যথেষ্ট ভিড় ছিল হাওড়া স্টেশনেও। কিন্তু ‘গ্রিন লাইনে’ মেট্রো পরিষেবা বন্ধ থাকায় স্টেশন থেকে বেরিয়ে বাস ধরতেই বাধ্য হন সিংহভাগ মানুষ। ফলে বাসের জন্য লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। সময়ে গন্তব্যে পৌঁছতে অনেকেই নির্ভর ট্যাক্সি ও অ্যাপ ক্যাব খুঁজেছেন। এই সুযোগে অনেক চালক যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য করেছেন। সংঘমিত্রা বিশ্বাস নামে এমনই এক ভুক্তভোগী বলেন, ‘হাওড়া থেকে ধর্মতলা যেতে ট্যাক্সিচালকরা ৫০০ টাকা ভাড়া চাইছিলেন! এদিকে, অ্যাপে কোনো ক্যাবই দেখাচ্ছিল না।’ একই ছবি ধরা পড়ে সাঁতরাগাছি স্টেশন চত্বরেও। এখানে বাসের সংখ্যা তুলনামূলক কম। তাই বাসে উঠতে যাত্রীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ভিন রাজ্য থেকে আসা কয়েকজন যাত্রীর অভিযোগ, সাঁতরাগাছি থেকে শিয়ালদহ পৌঁছে দিতে মাথাপিছু ৩০০ টাকা দাবি করছিল ট্যাক্সিগুলি। নিত্যযাত্রী শুভজিৎ অধিকারী বলেন, ‘অন্যদিন যে পথে বাসে ১৮ টাকায় শিয়ালদহ পৌঁছে যাই, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় হাওড়া ব্রিজ হয়ে ঘুরপথে সেখানে যেতে ৫০ টাকা ভাড়া গুনতে হয়েছে।’ রবিবার অনেকেই ঘুরতে বেরন, বন্ধুবান্ধব বা আত্মীয়ের বাড়িতে যান। কিন্তু সকাল থেকে মেট্রো ও বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় তাঁদেরও।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)