পানিহাটির নির্মল ঘোষের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বিদ্রোহী তৃণমূল
বর্তমান | ১৩ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে শনিবার কসবায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বৈঠকস্থলে দেখা গিয়েছিল। তা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। নির্মল ঘোষের নাম জড়িয়েছে আর জি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর তদন্তে। বেশ কিছু দিন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই অবস্থায় হঠাৎ করে ঋতব্রত তৃণমূলের বৈঠকস্থলে নির্মলের আনাগোনা নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। যদিও নির্মলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে তৎপর ঋতব্রত শিবির। রবিবার ঋতব্রত দাবি করেন, ‘নির্মল ঘোষ আমাদের বৈঠকে আমন্ত্রিত ছিলেন না। ওঁকে আমাদের তরফে বৈঠকে আসার জন্য বলা হয়েছে, এমন কোনো ফোন গিয়ে থাকলে উনি তা সামনে আনুন বা মেসেজ গেলে সেটা দেখান। ওঁর সঙ্গে আমাদের দূর-দূরান্তে কোনো সম্পর্ক নেই।’ সেই সঙ্গে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘আমাদের একটা রিজার্ভেশন আছে। ফলে অনেকে ইচ্ছাপ্রকাশ করলেও নেওয়া হবে না।’