• ভাড়া বৃদ্ধি না হওয়ায় নিশ্চয় যানের মালিকরা সমস্যায়, মুখ্যমন্ত্রীকে চিঠি
    বর্তমান | ১৩ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রামাঞ্চলে প্রসূতিদের বিনামূল্যে সরকারি হাসপাতালে নিয়ে আসা ও বাড়ি ফেরানোর জন্য ২০১১ সালে রাজ্যে চালু হয়েছিল নিশ্চয় যান প্রকল্প। এমনকি, প্রসূতিকে অন্যত্র স্থানান্তরিত করার ক্ষেত্রেও সহায়ক হয়ে উঠেছিল নিশ্চয় যান। এই প্রকল্প চালুর ফলে শিশু ও মাতৃ মৃত্যুর হার কম হওয়ার পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রসবের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। যদিও বর্তমানে নিশ্চয় যান নিয়ে নানা সমস্যায় ভুগছেন মালিকরা। এই সমস্যার সমাধানে এবার মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগকে চিঠি দিল অল বেঙ্গল নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটার্স ইউনিয়ন। সংস্থার উলুবেড়িয়া ইউনিটের পক্ষ থেকেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

    সংস্থার রাজ্য সম্পাদক সুব্রত মোদক বলেন, ২০১১ সালে নিশ্চয় যানের ভাড়া ছিল কিলোমিটার পিছু আট টাকা। এরপর দীর্ঘদিন কেটে গেলেও সেই ভাড়া বাড়ানো হয়নি। ফলে গাড়ির মালিকদের খাদে পিঠ ঠেকে গিয়েছে। এক সময় রাজ্যে ৬ হাজার ৮০০ নিশ্চয় যান চললেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০। সুব্রতবাবুর অভিযোগ, নিশ্চয় যানের ভাড়া বৃদ্ধি না হলেও ২০১৭ সাল থেকে রাজ্যের উদ্যোগে চালু হওয়া ১০২টি গাড়ির জন্য কিলোমিটার পিছু ২৮ টাকা ভাড়া বরাদ্দ করা হয়েছে। আমরা নিশ্চয় যান চালিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছি। পূর্বতন সরকারকে এ নিয়ে একাধিকবার বলা হলেও কোনো সুরাহা হয়নি। সংগঠনের সহ সভাপতি শেখ রাসেদুল রহমান বলেন, পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধি হলেও নিশ্চয় যানের ভাড়া বাড়ানো হয়নি। পাশাপাশি ভাড়ার বিলও দীর্ঘদিন বকেয়া পড়ে থাকে। তাঁর অভিযোগ, গত ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত শুধু উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আনা ও বাড়ি নিয়ে যাওয়ার ভাড়া বকেয়া পড়ে রয়েছে। আগে হাওড়া জেলায় ৬৭টি নিশ্চয় যান চললেও বর্তমানে সেই সংখ্যা  কমে দাঁড়িয়েছে ৩৭টি। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 
  • Link to this news (বর্তমান)