• ধরে রাখার কোনও আগ্রহই দেখাল না ইস্টবেঙ্গল, ইতিহাসের নায়কের বিদায়, আবেগঘন বার্তায় হৃদয় ছুঁলেন এজেজারি
    আজকাল | ১৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তিনি আইএসএলের গোল্ডেন বুট জয়ী। লাল-হলুদ জার্সি পরে খেলতে নেমে গোলের পর গোল করেছেন। বহুল চর্চিত আপ্তবাক্য ধার করে বলাই যায়, তিনি এলেন, দেখলেন এবং জয় করে নিলেন। ১৩ ম্যাচে ১১ গোল ছিল তাঁর। সেই ইউসেফ এজেজারি জানিয়ে দিলেন, তাঁর সময় শেষ ইস্টবেঙ্গলে।

    সোশ্যাল মিডিয়ায় এক আবেগগন বার্তায় এজেজারি লিখেছেন, কিছু যাত্রা মাপা হয় ট্রফি দিয়ে, আবার কিছু যাত্রা মাপা হয় যেসব মানুষের সঙ্গে দেখা হয় এবং যে স্মৃতি তৈরি হয়, তা দিয়ে। ইস্টবেঙ্গলের সঙ্গে আমার এই পথচলা দু’দিক থেকেই ছিল আশীর্বাদপূর্ণ।

    আজ আমি বিদায় জানাচ্ছি গর্ব, কৃতজ্ঞতা এবং এমন কিছু আবেগ নিয়ে, যেগুলো ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।

    একসঙ্গে আমরা এমন কিছু অর্জন করেছি, যা সত্যিই স্পেশাল। আমরা এই অসাধারণ ক্লাবে ২২ বছর পর আবার লিগের শিরোপা ফিরিয়ে এনেছি এবং ইস্টবেঙ্গলের গৌরবময় ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখেছি। সেই সাফল্যের অংশ হতে পারা এমন একটি অনুভূতি, যা আমি সারাজীবন সঙ্গে করে রাখব। আর ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন বুট জয়ী প্রথম ইস্টবেঙ্গল খেলোয়াড় হতে পারা এই যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছে। এই সাফল্য শুধু আমার নয়, বরং তাঁদের সবার, যাঁরা একসঙ্গে বিশ্বাস করেছে, লড়াই করেছে এবং স্বপ্ন দেখেছে।

    আমি ধন্যবাদ জানাতে চাই ক্লাবের ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, মেডিক্যাল টিম, ক্লাবের প্রতিটি সদস্য এবং বিশেষ করে আমার সতীর্থদের। আমাকে বিশ্বাস করার জন্য, প্রতিদিন আরও ভাল করার জন্য অনুপ্রাণিত করার জন্য, প্রতিটি কঠিন সময়ে পাশে থাকার জন্য এবং আমাকে একজন ভাল খেলোয়াড় ও ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করার জন্য আপনাদের ধন্যবাদ। ফুটবলে কখনও একা জেতা যায় না, আর এমন অসাধারণ মানুষদের সঙ্গে এই যাত্রা ভাগ করে নিতে পেরে আমি চিরকৃতজ্ঞ থাকব।

    ইস্টবেঙ্গলের সমর্থকদের উদ্দেশে… আপনারাই এই ক্লাবের প্রাণ। প্রথম দিন থেকেই আপনারা আমাকে নিজেদের একজন করে নিয়েছিলেন। প্রতিটি ম্যাচে আপনারা আমার পাশে থেকেছেন, প্রতিটি গোলের আনন্দ আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন এবং এমন ভালবাসা দিয়েছেন, যা আমি কখনও ভুলব না। আপনাদের বার্তা পড়েছি, আপনাদের আবেগ অনুভব করেছি এবং যা ভালবাসা পেয়েছি, যা বর্ণনা করা অসম্ভব। আপনাদের ধন্যবাদ জানানোর মতো পর্যাপ্ত শব্দ সত্যিই নেই। আপনারা শুধু একজন খেলোয়াড় হিসেবে আমাকে সমর্থন করেননি, বরং আমাকে পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেছেন।

    আমরা একসঙ্গে যে স্মৃতিগুলো তৈরি করেছি—উৎসব, আবেগ, জয় এবং সেইসব অবিস্মরণীয় রাত—সেগুলো সারাজীবন আমার সঙ্গে থাকবে। ফুটবল আমাকে ভবিষ্যতে যেখানেই নিয়ে যাক না কেন, আমার হৃদয়ের একটি অংশ সবসময় ইস্টবেঙ্গলের জন্য থাকবে।

    আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। এই ঐতিহাসিক জার্সি ও ব্যাজ গর্বের সঙ্গে পরার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ইতিহাস তৈরি হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, এবং আমি বিদায় নিচ্ছি এই বিশ্বাস নিয়ে যে আমরা একে অপরের জন্য নিজেদের সর্বস্ব দিয়েছি।

    ইস্টবেঙ্গল সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা দখল করে থাকবে—অগাধ ভালবাসা এবং অসীম কৃতজ্ঞতার সঙ্গে!

    গতবারের চ্যাম্পিয়ন দল থেকে ঝরে যাচ্ছেন সব অলঙ্কার। অস্কার ব্রুজোঁ চলে গিয়েছেন। ইউসেফ এজেজারিকেও ধরে রাখা গেল না। কেভিন সিবিয়েও থাকবেন না বলেই মনে হচ্ছে। অ্যান্টন সোজবার্গকেও বিদায় জানিয়েছে লাল-হলুদ। মিগুয়েল চলে গিয়েছেন মোহনবাগানে। এবার ইউসেফ এজেজারিও জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গলে তিনি প্রাক্তন হয়ে গেলেন।
  • Link to this news (আজকাল)