বাদুড়িয়ার কাঠের সেতু কংক্রিট করার দাবি তুলছেন বাসিন্দারা
বর্তমান | ১৩ জুলাই ২০২৬
সংবাদদাতা, বসিরহাট: সেতু নয়, যেন মরণফাঁদ। বাদুড়িয়ার যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের মাগুরখালি কাঠের সেতু। ইছামতী খালের উপর অবস্থিত এই ১৭০ ফুটের সেতুর একাধিক জায়গায় কাঠ ভেঙে যাওয়ায় দুর্ভোগে মুখে পড়ছেন যাত্রীরা। একটু অসচেতন হলেই শিশু ও বৃদ্ধরা কাঠের ফাঁকে পা দিয়ে ফেলছেন। একাধিক জায়গায় উঠে রয়েছে পেরেক।
নয়াবস্তিয়া মিলনি, রামচন্দ্রপুর উদয় ও যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েত এবং বাদুড়িয়া পুরসভার বাসিন্দাদের একাংশ রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে যাওয়ার জন্য এই সেতু ব্যবহার করেন। এলাকার কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে করে এই সেতুর উপর দিয়েই যেতে হয়। তখন খুব সমস্যার মধ্যে পড়েন চালকরা । এছাড়াও এলাকার একমাত্র রেল স্টেশন মছলন্দপুর পৌঁছনো জন্যও এই পথ ব্যবহার করা হয়।
কিন্তু তৃণমূল ও বাম জমানায় এই সেতুর কোনো সংস্কার করা হয়নি বলে অভিযোগ নিত্যযাত্রীদের। তারা আরও জানান, উন্নয়নের নামে নীল-সাদা রং অবশ্য করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ইলা সরকার বলেন, প্রসাশনের তরফে যত দ্রুত সম্ভব এই ব্রিজটার সংস্কার ও কাঠ থেকে কংক্রিটে রূপান্তরিত করা হোক। রাতে দূরদূরান্ত থেকে আসা মহিলা ও নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে ব্রিজের উপর বৈদ্যুতিক আলো ও পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। স্থানীয় প্রবীণ নাগরিক আব্দুল মাজিদ বলেন, বিগত দিনে বার বার টাকা এলেও ব্রিজের কোনো কাজ হয়নি। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন, কয়েক হাজার মানুষের সুবিধার জন্য দ্রুত এই সেতুটি তৈরি করা হোক। এবিষয়ে বাদুড়িয়া বিধানসভার বিজেপি নেতা পলাশ সরকার বলেন, সেতুটি যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেটি মেরামতের ব্যবস্থা করার অনুরোধ জানাবো। নিজস্ব চিত্র