• ইলিশ উৎসবের টানে ভরা বর্ষায় এখন সুন্দরবনে পর্যটকদের ঢল
    বর্তমান | ১৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:  ইলিশ বিরিয়ানি, ইলিশ ভাপা, ইলিশের মাথা দিয়ে পুঁই শাক। সুন্দরবনে বেড়াতে গেলে নদীবক্ষে বোটে এসবই এখন পর্যটকদের জন্য সেট মেনু। আর সেই মেনুর টানে বর্ষায় রয়েল বেঙ্গল টাইগারের ডেরায়  ইলিশ উৎসব জমজমাট। শনিবার, রবিবার উপচে পড়ছে ভিড়। বৃষ্টি, জঙ্গল সঙ্গে ইলিশের হরেক পদের খাওয়া-দাওয়া উপভোগ করছেন পর্যটকরা। রাজ্যের তো বটেই, সুদূর উত্তর পূর্বের রাজ্য থেকেও পর্যটকরা ভিড় করছেন সুন্দরবনে। তবে দৈনিক সীমিত বোটের ছাড়পত্র থাকায় সবাইকে নিয়ে যেতে পারছেন না বোট মালিকরা। আগাম বুকিং ছাড়া যাঁরা আসছেন, তাঁদের বেশিরভাগকেই ফিরে যেতে হচ্ছে। বর্ষা শুরু হতে না হতেই ট্যুর অপারেটর থেকে বোট মালিকরা নিজেদের উদ্যোগেই ইলিশ উৎসব শুরু করেছেন। যে ক’দিন পর্যটকরা থাকবেন, প্রতিদিনই থাকবে ইলিশের হরেক রকমের পদ। কিন্তু আজ থেকে কয়েক বছর আগেও এই ধরনের কোনো উদ্যোগ ছিল না। বর্ষায় এক প্রকার ভাটা পড়ত পর্যটনে। কিন্তু ইলিশ উৎসবের আয়োজন করে এখন রোজ ঢল নামছে পর্যটকদের। বাসন্তীর সোনাখালি ঘাটে যেন তিল ধারণের স্থান নেই। বেশিরভাই এক রাত দু’দিনের প্যাকেজ নিয়ে আসছেন। পর্যটকদের কথায়, বর্ষায় পাহাড়ে যাওয়া যায় না। তাই কম খরচে বেড়ানোর আদর্শ জায়গা সুন্দরবন। তার উপর যদি এবেলা ওবেলা ইলিশের পদ থাকে, তাহলে আর কী চাই! নদীতে জঙ্গল দেখতে দেখতে এই ভোজন উপভোগ করাই লক্ষ্য। বোট মালিক ও ট্যুর অপারেটরদের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত এই ভিড় চলবে। পর্যটকদের এত চাপ যে, অনেকের বুকিং নেওয়া যাচ্ছে না।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)