• প্রথম বার হাতে পিস্তল তুলেই লক্ষ্যভেদ অগ্নিমিত্রার
    এই সময় | ১৩ জুলাই ২০২৬
  • এই সময়, আসানসোল: কথায় বলে যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন!

    রাজ্যের নতুন বিজেপি সরকারের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ক্ষেত্রে সেই প্রবাদ একটু ঘুরিয়ে বলা যায় তিনি যেমন নাগরিকদের পরিষেবা দিতে ব্যস্ত থাকেন, সময় পেলে তিনি পিস্তল হাতে লক্ষ্যভেদও করেন!

    গত কয়েক দিন আসানসোল শহরকে সাজানো নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত নানা ধরনের কর্মসূচি করছেন অগ্নিমিত্রা। রবিবার তিনি আসানসোল রাইফেল ক্লাব পরিদর্শন করেন। আর সেই পরিদর্শনের ফাঁকে এই প্রথম বার হাতে তুলে নিলেন রাইফেল। পাঠ নিলেন নিশানাবাজির।

    সম্প্রতি শুটিংয়ে জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অভিনব শ–এর বাবা রূপেশ শ ১০ মিটার রেঞ্জের এয়ার পিস্তল ধরার নিয়ম, লক্ষ্যভেদ এবং নিরাপদে গুলি চালানোর কৌশল শেখান। ছিলেন পশ্চিমবঙ্গ রাইফেল শুটিং অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আসানসোল রাইফেল ক্লাবের অন্যতম সদস্য পাপ্পু ঢল–সহ আরও কিছু কর্তা। পরে রূপেশ বলছিলেন, ‘খুব সহজেই উনি বিষয়টা বুঝে নিয়ে দু’টি গুলি ছোড়েন। প্রথমটি নিখুঁত টার্গেটে পৌঁছয়। দ্বিতীয়টিও টার্গেটের কাছেই ছিল।’

    কেমন লাগল পিস্তল প্রশিক্ষণ? অগ্নিমিত্রার মন্তব্য, ‘আগে রাইফেল ব্যাপারটাকে খুব ভয় পেতাম। তবে কলকাতা পুলিশের দুর্গা বাহিনীর মহিলা সদস্যদের রাইফেল হাতে দায়িত্ব পালন করতে দেখে এবং ভারতীয় সেনার মহিলা জওয়ানদের সাহসিকতা আমাকে প্রেরণা দিয়েছে। আজ এই ব্যাপারে যতটা বুঝেছি এবং লক্ষ্যভেদের কাছাকাছি জায়গায় পৌঁছেছি, সেটাতেই আনন্দিত। এই অভিজ্ঞতারও প্রয়োজন ছিল।’ যোগ করেন, ‘আমি চাই দেশের প্রতিটি মহিলা আত্মবিশ্বাসী, নির্ভীক ও আত্মনির্ভর হয়ে উঠুন। জীবনের প্রতি ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করে দেশ-বিদেশে ভারতের নাম উজ্জ্বল করুন এই দেশের নারীরা।’

    মন্ত্রীর সংযোজন, ‘নারীর ক্ষমতায়ন শুধু শিক্ষা বা কর্মসংস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসও সমান ভাবে গুরুত্বপূর্ণ। তাই তরুণীদের খেলাধুলার পাশাপাশি নিশানাবাজির মতো ক্ষেত্রেও এগিয়ে আসতে হবে।’

    এ দিন রাইফেল ক্লাবের কর্মকর্তারা মন্ত্রীকে এবং সদ্য জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আসানসোলের ১৮ বছরের তরুণ ছাত্র অভিনবকে বিশেষ ভাবে সম্মান জানান।

  • Link to this news (এই সময়)