Big Breaking: ভোটে হারার পরে কার্যত জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। তার পরেই তাঁর বিরুদ্ধে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে সরব হন এক ব্যক্তি। সেই পুরোনো অভিযোগেই এ বার পুলিশের হাতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সূত্রের খবর, লটারি প্রতারণার অভিযোগ-সহ একুশের ভোট পরবর্তী হিংসার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তীর্থঙ্করকে সোমবার ভোরে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করে খড়দা থানার পুলিশ। ২৬-এর নির্বাচনে পানিহাটিতে তৃণমূলের টিকিটে লড়েছিলেন তিনি।
রাজ্যে পালাবদলের পরেই ২০২১-এর ভোট পরবর্তী হিংসা মামলাতে গ্রেপ্তার হয়েছেন একাধিক প্রভাবশালী, তৃণমূলের নেতা। সেই অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছিল তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধেও। কিন্তু চাঞ্চল্য ছড়ায় এক লটারি বিজয়ীর অভিযোগে। তীর্থঙ্কর ঘোষ ও তাঁর বাবা পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তাঁর অভিযোগ, দু’বছর আগে তিনি একটি লটারির টিকিট কিনে কোটি টাকা জিতেছিলেন। সে সময়ে খবর পেয়ে তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারির টিকিট কেড়ে নেন তীর্থঙ্কর ঘোষ ও তাঁর বাবা নির্মল ঘোষ বলে দাবি করেছেন তিনি। এ ছাড়া মারধর, প্রাণে মেরে ফেলার ভয় দেখানোরও অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।
শুধু লটারির টাকা আত্মসাতই নয়, তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে নাম জড়িয়েছে প্রাক্তন বিধায়ক এবং তাঁর পুত্রের। তীর্থঙ্করের গ্রেপ্তারির পরে এ বার নির্মল ঘোষের গ্রেপ্তারি নিয়ে সরব স্থানীয়রা। রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ এবং পানিহাটির বিধায়ক তথা আরজি করে নির্যাতিতার মা-ও তাঁদের গ্রেপ্তারির দাবি জানিয়েছিলেন।