১৫ বছরের জমি বিবাদের জেরেই খুন? সামনে এল মুর্শিদাবাদের নৃশংস হত্যার নেপথ্য কারণ
News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
১৫ বছরের পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে খুন হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত খাজুরিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নফল সেক (৬০)।
নবগ্রাম থানার পুলিশ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও এই খুনের ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে খাজুরিয়ার গ্রামের বাড়ি থেকে সাইকেল করে নফল কোনও একটি কাজে যাচ্ছিলেন। তিনি যখন গ্রামের খেলার মাঠের কাছাকাছি ছিলেন সেই সময়ে হটাৎই হাবু শেখ নামে তাঁরই এক প্রতিবেশী হাঁসুয়া বার করে কোপাতে থাকেন। ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী নফলকে বাঁচাতে গেলে অভিযুক্ত হাবু শেখ তাঁদেরও হাঁসুয়া দিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় নফল রাস্তায় পড়ে গেলে গ্রামবাসীরা তাঁকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সেই সুযোগে হাবু এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে যায় বলে জানা গিয়েছে। মোহিত শেখ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন,” রবিবার সকালে সাইকেল করে নফল কোনও একটি কাজে যাচ্ছিলেন। সেই সময়ে রাস্তার উল্টো দিক থেকে হাবু শেখ হাঁটে আসছিল। দু’জনে যখন পাশাপাশি আসেন সেই সময় হঠাৎই হাবু পিঠের পেছন থেকে হাঁসুয়া বার করে নফলের ডান হাতে কোপ দেয়।”
তিনি বলেন,” হঠাৎ করেই হামলা হওয়ায় নফল সামলাতে না পেরে সাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। সেই সুযোগে হাবু হাসুয়া দিয়ে তাঁকে বারে বারে কোপাতে থাকে। আমরা বাঁচাতে গেলে আমাদেরকেও খুন করার হুমকি দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন,” এলাকা থেকে পালানোর আগে হাবু, নফলের মৃত্যু নিশ্চিত করার জন্য হাঁসুয়া দিয়ে তাঁর গলা কেটে দেয়।” মৃতের স্ত্রী রওশনারা বিবি বলেন, “বহু বছর আগে আমাদের প্রতিবেশী হাবুর সঙ্গে জমি নিয়ে একটি গন্ডগোল হয়েছিল। কিন্তু পরবর্তীকালে গ্রামের সালিশিতে সেই সমস্যা মিটে যায়। এতদিন পরে কেন আমার স্বামীর উপর হামলা হল তা বুঝতে পারছি না। আমরা হাবুর কঠোর শাস্তি চাই।” নবগ্রাম থানার এক আধিকারিক জানিয়েছেন, একটি খুনের মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।