জলের তলায় লুকিয়ে কোন ভাগ্য? সুন্দরবনের গভীরে ৯ মৎস্যজীবীর সলিলসমাধি, উত্তর অধরা বাকিদের
News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধারে শোকের ছায়া নেমেছে। বাকি মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বনদফতর এবং ভারতীয় উপকূল রক্ষী পৌঁছেছেন রক্তেশ্বরচরের কাছে একটি ডুবো ট্রলার শনাক্ত করে। পরে সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়। রাতভর উদ্ধারকাজ চালিয়ে ট্রলারের ভিতর থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে।
ট্রলারটি ‘এফবি মা জয় মা কালী’, যা চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলারটি নিখোঁজ হয়ে যায়। ট্রলারে মোট ১৫ জন মৎস্যজীবী ছিলেন। এখনও ৬ জনের কোনও খোঁজ মেলেনি। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। নিখোঁজদের সন্ধানে সোমবারও দিনভর সমুদ্রজুড়ে তল্লাশি অভিযান চালাবে পুলিশ, বনদফতর ও উপকূল রক্ষী বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। রাতভর তল্লাশি চলাকালীন উপস্থিত ছিলেন সুন্দরবন মন্ত্রী দীপঙ্কর জানা ও সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকগণ।
প্রশাসনের আশঙ্কা, নিখোঁজ অন্যান্য মৎস্যজীবীদের কেউ ভিতরে আটকে থাকতে পারেন। ট্রলারটির ভিতর ভর্তি থাকা জল খালি করে তল্লাশি চলছে। জল সম্পূর্ণ খালি হলে নিখোঁজ মৎস্যজীবীদের ভাগ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন আধিকারিকরা। এদিকে ঘটনার খবর পেয়ে শংকরপুর থেকে ফ্রেজারগঞ্জে ট্রলারের মালিকপক্ষ পৌঁছেছেন।
এই ট্রলারটি ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচরে উল্টে থাকা ট্রলারটিকে শনাক্ত করা হয়। বনদফতর, গোবর্ধনপুর কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সংগঠনের যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে রবিবার সন্ধ্যেয় পাথরপ্রতিমার গোবর্ধনপুরের সীতারামপুর উপকূলে নিয়ে আসা হয়। সোমবার সারাদিন অভিযান চলবে।