• রাজ্যের অনুমোদন ছাড়া মাদ্রাসায় নিয়োগ নয়, কর্মচারীদের একগুচ্ছ দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট
    এই সময় | ১৩ জুলাই ২০২৬
  • সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের স্বীকৃত মাদ্রাসাগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের দায়ের করা একগুচ্ছ আবেদন সোমবার খারিজ করে দিয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচচারপতি অগাস্টিন জর্জ মসিহর ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের মাদ্রাসা কমিটিগুলি এখন থেকে নিজেদের প্রয়োজন মতো শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করতে পারবে না। রাজ্য সরকার এবং সরকারি মাদ্রাসা পরিচালন পর্ষদের অনুমতি নিতে হবে নিয়োগের ক্ষেত্রে।

    আবেদনকারীরা রাজ্যের অনুদানপ্রাপ্ত স্কিমের (গ্রান্ট-ইন-এইড) আওতায় বেতনের দাবি জানাচ্ছিলেন। শীর্ষ আদালত জানায়, আবেদনকারীদের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং তাঁদের নিয়োগের সময় মাদ্রাসাগুলোর বৈধ অনুমোদন বা সঠিক পরিচালন কমিটি (ম্যানেজিং কমিটি) ছিল না। আদালত আরও উল্লেখ করে যে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট, ২০০৮-এর পর যেসব নিয়োগ হয়েছিল, তা কোনও নিয়মনীতি মেনে করা হয়নি।

    শীর্ষ আদালত তার রায়ে উল্লেখ করেছে যে, ৩৫০ জনেরও বেশি আবেদনকারীর মধ্যে ১৩ জন ক্ষতিগ্রস্ত আবেদনকারীর বিবরণ খতিয়ে দেখা হয়েছিল। তাতে দেখা যায়, তাঁদের মধ্যে কেউই প্রতিকার পাওয়ার মতো উপযুক্ত মামলা দাঁড় করাতে পারেন কিনা। আদালত রায় দিয়েছে যে, আবেদনকারীদের মামলার সারবত্তা নেই।

    সুপ্রিম কোর্ট সোমবার যে মামলা খারিজ করেছে, তা পশ্চিমবঙ্গ মাদ্রাসা পরিষেবা কমিশন আইন, ২০০৮-এর সঙ্গে সম্পর্কিত। যে আইন স্বীকৃত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করার জন্য একটি বিধিবদ্ধ কমিশন গঠন করেছিল। ২০১৪ সালে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ আইনটি বাতিল করে দেয়। ২০১৫ সালে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্ত বহাল রাখে।

    ২০২৩ সালে শীর্ষ আদালত একটি কমিটি গড়েছিল। ওই কমিটি রাজ্য সরকারের অনুদান প্রকল্পের অধীনে মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ এবং অর্থপ্রদান করতে অস্বীকার করেছিল। সেই কমিটির সিদ্ধান্তকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল।

  • Link to this news (এই সময়)