এই সময়, মালদা: সম্পত্তি হাতিয়ে নিতে দাদাকে প্রাণনাশের হুমকি দিয়ে ভিটে ছাড়া করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রায় এক কোটি টাকা প্রতারণারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এলাকায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানিয়েছেন পেশায় ব্যবসায়ী জিয়াউল হক। তাঁর অভিযোগ, নিজের রেশম এবং ভুট্টার ব্যবসায় ভাইকে অংশীদার করেছিলেন তিনি। কিন্তু তৃণমূলের প্রভাব খাটিয়ে তাঁকে ব্যবসা থেকে বঞ্চিত করে পৈতৃক ভিটে থেকে তাড়িয়ে দেওয়া হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দাদাই প্রতারণা করেছেন বলে অভিযোগ তৃণমূল নেতা আজিমুল হকের।
জিয়াউলের পৈতৃক বাড়ি মালদার কুম্ভীরা এলাকায়। বর্তমানে তিনি ব্যবসায়িক সূত্রে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে থাকেন। তাঁর অভিযোগ, আজিমুল ব্যবসা এবং সম্পত্তি মিলিয়ে প্রায় এক কোটি টাকা প্রতারণা করেছে। পাট এবং ভুট্টার ব্যবসা করতে কুম্ভীরা এলাকায় পৈত্রিক ভিটেতে ভাইকে তিনি একটি গোডাউন তৈরি করে দিয়েছিলেন। পরবর্তীতে ঠিক হয়, সেই টাকা এবং সম্পত্তির ভাগাভাগির টাকা সময় মতো মিটিয়ে দেওয়া হবে।
কিন্তু আজিমুল প্রতারণা করে সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে। তাঁরই চেক বই চুরি করে তাঁকে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখন বাড়িতে গেলে তাঁকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ জিয়াউলের। তবে কুম্ভীরা অঞ্চল কমিটির তৃণমূল নেতা আজিমুলের পাল্টা অভিযোগ, দাদাই তাঁর সঙ্গে লক্ষাধিক টাকার প্রতারণা করেছে। তাঁকে ব্যাঙ্কের ভুয়ো চেক দেওয়া হয়েছে। প্রতিবাদ করাতেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, দুই পক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।