• মাথা না পেয়ে বৃদ্ধের কানই ছিঁড়ে নিল হাতি, ফেটে গেল চোয়ালও
    এই সময় | ১৩ জুলাই ২০২৬
  • এই সময়,আলিপুরদুয়ার: হাতি শুঁড়ে তুলে আছাড় মারে, পা দিয়ে পিষেও দেয়। কিন্তু কান ছিড়ে নেয় কি?

    উত্তরবঙ্গে এমনই ‘অভূতপূর্ব’ ঘটনার সাক্ষী রইল বক্সা। হাতির হামলায় কান খোওয়া গেল বৃদ্ধের, ফেটে গেল চোয়ালও। বছর বাষট্টির ওই ব্যক্তি, বিজিলা খালকোর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকরা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজিলা পেশায় একজন পশুপালক। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া পূর্ব শালবাড়িতে তাঁর একটি মহিষবাথান রয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি যখন মোষের পাল নিয়ে বারোবিশা রেঞ্জের শিলবাংলো বিটের জঙ্গলপথ ধরে বাথানে ফিরছিলেন, তখন পথের পাশে একটি গর্তে দাঁড়ানো বুনো হাতি তাঁর নজর এড়িয়ে যায়।

    তিনি যখন ওই গর্তের ধার দিয়ে যাচ্ছিলেন, তখন হাতিটি তাঁর মাথা শুঁড়ে পেঁচানোর চেষ্টা করে। বাঁচার তাড়নায় বিজিলা মাথা বাঁ দিকে ঝুঁকিয়ে ছোটার চেষ্টা করতেই টানাহেঁচড়ায় তাঁর ডান কানটি ছিঁড়ে পড়ে যায়। তাতেও দমে না–গিয়ে বুনো হাতির শুঁড় থেকে মাথা ছাড়িয়ে দৌড় দেন বিজিলা। রক্তাক্ত অবস্থায় কোনওক্রমে মহিষবাথানে পৌঁছে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম বিজিলাকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গেই তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। পরে সেখান থেকে বিজিলাকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালে।

    সাধারণত কান ছিঁড়ে নেওয়ার ঘটনা সেই প্রাণীদের আক্রমণেই ঘটে, যাদের ধারাল‍ো দাঁত বা তীক্ষ্ণ নখ আছে। হাতি শুঁড়ে পেঁচিয়ে কারও কান ছিঁড়ে নিয়েছে — এমন ঘটনা সচরাচর সামনে আসে না। তাই ঠিক কী ভাবে বিজিলার কান খোওয়া গেল, নিশ্চিত নন চিকিৎসক এবং বনকর্তারা। তবে প্রাথমিক ভাবে শোনা গিয়েছে, সম্ভবত শুঁড় দিয়ে আঘাত করেছিল হাতিটি। বিজিলার ভাই বিনোদ খালকো বলেন, ‘দাদার শুধু কানই ছিঁড়ে নেয়নি হাতিটি, আক্রমণে তাঁর চোয়ালও ফেটে গিয়েছে। হাতি যে পিষে দেয়নি, সেটাই বড় কথা।’

    আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘আমাদের এখানে প্লাস্টিক সার্জারির কোনও পরিকাঠামো নেই। তাই ওই বৃদ্ধকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি বিপন্মুক্ত বলা যাবে না।’ এক শীর্ষ বনকর্তা বলেন, ‘চিতাবাঘ অনেকের কান খুবলে নিয়েছে। তবে হাতিও যে কান ছিঁড়তে পারে, এমন অভিজ্ঞতা এই প্রথমবার হলো।’

  • Link to this news (এই সময়)