• মরিয়া হয়ে বিদ্রোহী দলে ঘেঁষার চেষ্টা? ‘কালীঘাট তৃণমূল’ নির্মলের ছোঁয়াচ এড়ান ঋতব্রতরা
    এই সময় | ১৩ জুলাই ২০২৬
  • প্রাক্তন বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল ঘোষের ঘনিষ্ঠদের একের পর এক গ্রেপ্তারির পরে এ বার পুলিশের জালে তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ। রবিবার ভোর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিধানসভা ভোটে পানিহাটির তৃণমূল প্রার্থী ও নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষকে। তোলাবাজি, দুর্নীতির পরে লটারি মামলায় পিতা-পুত্রের নাম জড়াতেই প্রায় অন্তরালে চলে গিয়েছিলেন তাঁরা। ক্রমশ জোরালো হচ্ছিল গ্রেপ্তারির সম্ভাবনা। এর মাঝেই শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দেয়। যদিও তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠীর নেতা ও বিধানসভার বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন নির্মল ঘোষকে তাঁরা আমন্ত্রণ জানাননি।

    শনিবার পর্যন্ত খাতায়-কলমে নির্মল ঘোষকে কালীঘাট তৃণমূলের অংশ বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বিদ্রোহী তৃণমূলের জেলা কমিটি গঠনের বৈঠকে হাজির হন তিনি। প্রথমে তিনি বলেন, ‘বৈঠকে নই, আমি দেখা করতে এসেছি জাভেদের সঙ্গে।’ পরে যদিও দাবি করেন, আমন্ত্রণ পেয়েই এসেছেন। তিনি কোন তৃণমূলে প্রশ্ন করা হলে নির্মল সটান জবাব দেন, ‘আই অ্যাম ফ্রি ফর অল।’

    যদিও নির্মল ঘোষ প্রসঙ্গে সে দিনই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে বৈঠকে ডাকা হয়নি। তিনি নিজেই এসেছিলেন। বৈঠকের শেষের দিকে এসে হঠাৎই ঢুকে পড়েছিলেন। তবে আমার সঙ্গে কোনও কথা হয়নি।’ বিদ্রোহী শিবিরে তাঁর যোগদান নিয়ে প্রশ্ন করা হলে ঋতব্রত সাফ জানান, পানিহাটির প্রাক্তন বিধায়ককে নিয়ে ‘কোনও সিদ্ধান্ত হয়নি’। একইসঙ্গে নির্মল ঘোষের নাম না করে ঋতব্রতর অন্যতম সঙ্গী এন্টালির বিধায়ক সন্দীপন সাহা বলেন, ‘আমরা বেনোজল আটকাতে বদ্ধপরিকর। বেনোজল আটকাতে ছাঁকনি রাখা হচ্ছে।’

    রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, আরজি কর-এর ঘটনা-সহ একাধিক মামলায় নাম জড়ানো নির্মল ঘোষের ছোঁয়াচ এড়াতে চাইছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠী। একের পর এক ঘনিষ্ঠের গ্রেপ্তারির পরে খানিক মরিয়া হয়েই শিবির বদলাতে পৌঁছে গিয়েছিলেন নির্মল ঘোষ বলে দাবি বিশেষজ্ঞদের একাংশের। সোমবার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষের পরে তাঁর গ্রেপ্তারির সম্ভাবনাও আরও জোরালো হচ্ছে। পুলিশ যেখানে দীর্ঘদিন ধরেও তাঁর নাগাল পাচ্ছিল না, সেখানে শনিবার প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে তাঁর উপস্থিতি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। যা নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা হয়। এরই মাঝে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ থেকে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং-ও নির্মল ঘোষের গ্রেপ্তারির দাবি জানান।

    এ দিন পুত্র তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারির পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষ। তাঁর দাবি, বিধানসভার ফল বেরোনোর পর থেকে তার পরিবার, ছেলে ও জামাইদের নানা ভাবে পুলিশ হেনস্থা করছে। এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়। আদালত মামলা দায়ের করার অনুমতি দিলেও শুনানির দিন কবে সেই ব্যাপারে আদালত কোনও আশ্বাস দেয়নি।

    প্রসঙ্গত, সোমবার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নির্মল পুত্র তীর্থঙ্কর ঘোষ এখনও পর্যন্ত খাতায়-কলমে কালীঘাট-তৃণমূলের অংশ। ২৬-এর বিধানসভা ভোটে পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থীকে যুব সংগঠনের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)