গ্রেফতার তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, এবার কি ফাঁসবেন বাবা? কী কী অভিযোগ?
News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
অবশেষে দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। তাঁকে আজই আদালতে পেশের সম্ভাবনা। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ওঠে। পুলিশ তল্লাশি চালালেও তাঁরা পলাতক ছিলেন বলে জানা যায়। অবশেষে তদন্তে বড় সাফল্য পেল খড়দহ থানার পুলিশ।
নির্মল ঘোষের ছেলে গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলেকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়। লটারি প্রতারণা মামলায় মূলত গ্রেফতার হয়েছেন তীর্থঙ্কর ঘোষ, এমনটাই পুলিশ সূত্রে খবর। নির্মল ঘোষের ছেলেকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। লটারি প্রতারণা মামলায় স্ক্যানারে আছেন নির্মল ঘোষও। স্বভাবতই প্রশ্ন উঠছে এবার কি বাবার পালা?
রবিবার ভোর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় পানিহাটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে এবং পুরসভার প্রাক্তন কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষকে। সোমবারই তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ‘ভেরিফিকেশন’ আর কতদিন চলবে…? এসে গেল জরুরি আপডেট! যা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং লটারির টিকিট হাতিয়ে নেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এই ঘটনায় তাঁর বাবা নির্মল ঘোষের নামও অভিযোগে উঠে আসায় বেশ কিছুদিন ধরেই দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল খড়দহ থানার পুলিশ। তবে এতদিন তাঁরা গা-ঢাকা দিয়েছিলেন বলেই জানা যাচ্ছিল।
এরই মধ্যে গত শনিবার তৃণমূল কংগ্রেসের ঋতব্রত শিবিরের একটি বৈঠকে হঠাৎ করেই প্রকাশ্যে উপস্থিত হন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। পুলিশ যেখানে দীর্ঘদিন ধরেও তাঁর নাগাল পাচ্ছিল না, সেখানে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে তাঁর উপস্থিতি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ থেকে রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং-ও।
অবশেষে রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে ওঠা বিষয়গুলি খতিয়ে দেখা হবে। তীর্থঙ্করকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে। পাশাপাশি তাঁকে জেরা করেই বাবা নির্মল ঘোষ পর্যন্ত পৌঁছতে পারে পুলিশ বলেও মনে করা হচ্ছে।