মেট্রোয় বা পাবলিক ট্রান্সপোর্টে এ বার থেকে হেডফোন ছাড়া রিলস দেখলে বা গান শুনলেই বিপদ। পকেট থেকে খসতে পারে মোটা অঙ্কের টাকা। ডিজিটাল মিডিয়ার যুগে রিলস বানানো বা দেখাই যেন ট্রেন্ড হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে ইয়ারফোন বা হেডফোন ছাড়া মোবাইলে রিলস দেখার। তাতে অন্য যাত্রীর অসুবিধা হলেও ডোন্ট কেয়ার। এই সমস্যার সমাধানে বিশেষ ব্যবস্থা নিয়েছে চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL)। একটি বিবৃতিতে জানানো হয়েছে, মেট্রোয় ভ্রমণের সময়ে হেডফোন ছাড়া ভিডিয়ো বা গান চালালে দিতে হবে মোটা টাকা জরিমানা। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এবং কামরার ভিতরে শব্দদূষণ কমাতেই চালু করা হচ্ছে এই কড়া নিয়ম। তবে কি এর পরে কলকাতাতেও জারি হতে চলেছে এই নিয়ম?
কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, ‘এ বিষয়ে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে এ বিষয়ে জানানো হবে।’
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে জোরে ভিডিয়ো চালালে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। সেই কারণে চেন্নাই মেট্রো রেল সমস্ত যাত্রীদের অনুরোধ জানিয়েছেন, সহযাত্রীদের কথা মাথায় রেখে হেডফোন ব্যবহারের জন্য এবং জোরে কথা না বলার জন্য।
চেন্নাই মেট্রো রেলের তরফে এ প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগে এ সব ক্ষেত্রে জরিমানার অঙ্ক ছিল ৫০০ টাকা। এখন নতুন নিয়মে তা বাড়িয়ে সর্বোচ্চ ২,৫০০ টাকা করা হয়েছে। এর পাশাপাশি নিয়ম ভাঙলে সেই সময়ে দায়িত্বরত আধিকারিকরা অভিযুক্ত যাত্রীকে মেট্রো চত্বর থেকে বেরও করে দিতে পারেন।
আগের মাসে চেন্নাই মেট্রো রেলের তরফে নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ ভ্রমণের জন্য একটি সচেতনতা মূলক প্রচার চালানো হয়েছিল। প্রচারে যাত্রীদের বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। যেমন— ট্রেনে ওঠার সময়ে আগে যাত্রীদের নামার সুযোগ দেওয়া, মেট্রোর দরজার সামনে ভিড় না করা, প্ল্যাটফর্মে হলুদ লাইনের বাইরে অপেক্ষা করা এবং এসকেলেটর ব্যবহারের সময়ে বাঁদিকে দাঁড়ানো। এর পাশাপাশি নিজের বিনোদনের জন্য হেডফোন ব্যবহার করার কথাও বলা হয়েছিল প্রচারে।