• তীর্থঙ্কর গ্রেপ্তার হতেই চলল ‘ডিম-থেরাপি’, উঠল ‘চোর’ স্লোগানও, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
    এই সময় | ১৩ জুলাই ২০২৬
  • ভোটের ফল ঘোষণার পরে থেকেই গা-ঢাকা দিয়েছিলেন পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে। আর্থিক প্রতারণা, তোলাবাজি, হুমকি, বিজেপি নেতার বাড়িতে হামলা-সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে, রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। সেই গ্রেপ্তারির সময়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তীর্থঙ্করকে লক্ষ্য করে ডিম ছুড়ে প্রতিবাদ জানান বিজেপির স্থানীয় কর্মীদের একাংশ। তীর্থঙ্করকে ঘিরে ‘চোর চোর’ স্লোগানও ওঠে।

    সূত্রের খবর, আর্থিক প্রতারণা, একুশের ভোটের পরে এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগ ছিল তীর্থঙ্করের বিরুদ্ধে। পাশাপাশি, স্থানীয় এক বিজেপি নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২৬-এর নির্বাচনে পানিহাটিতে তৃণমূলের টিকিটে লড়েছিলেন তিনি। আরজি করের নির্যাতিতা-নিহত তরুণীর মা, বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে হেরে গিয়েছিলেন। তার পরে থেকেই আর জনসমক্ষে দেখা যায়নি তীর্থঙ্করকে। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ রবিবার তীর্থঙ্করকে গ্রেপ্তার করেছে।

    তীর্থঙ্কর গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই খড়দহ থানার সামনে জড় হন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। ঢাক-ঢোল বাজিয়ে তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। পুলিশ তীর্থঙ্করকে প্রিজ়ন ভ্যানে তোলার সময়ে বিক্ষোভকারীদের একাংশ তাঁর উদ্দেশে ডিম ছুড়ে প্রতিবাদ জানান। পাশাপাশি ‘চোর চোর’ স্লোগানও ওঠে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এরপরে সোমবার সকালে ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও, ধৃত তীর্থঙ্কর ঘোষ কোনও মন্তব্য করতে চাননি।

    স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বাবা-ছেলে দীর্ঘদিন ধরেই এই এলাকায় অপরাধমূলক কাজকর্ম করে চলেছেন। ছেলের মতোই বাবা নির্মল ঘোষকেও গ্রেপ্তারির দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ। সূত্রের খবর, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে, এই গ্রেপ্তারির ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)