সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ৯৬ ঘণ্টা হাসপাতালে থাকতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়? সম্প্রতি একটি আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রীর একটি বক্তব্য রাখেন, তার জেরে আলোচনার কেন্দ্রে এসেছে বিষয়টি। স্বাস্থ্যমন্ত্রী ৯৬ ঘণ্টা টানা ডিউটি করতে বলেছেন বলে আলোচিত হচ্ছে বিষয়টি। সেই আবহে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি ৯৬ ঘণ্টা টানা ডিউটি করতে বলেননি। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তর জেলার সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সেই এলাকাতে (in Station) প্রতি সপ্তাহে ৯৬ ঘণ্টা থাকতে বলেছেন। যাতে রোগীদের প্রয়োজন হলে তাঁরা তৎক্ষণাৎ পৌঁছতে পারেন। তার সঙ্গে ডিউটিতে থাকার সময়ে যাতে প্রাইভেট প্র্যাকটিস না করেন তার জন্য অনুরোধ করা হয়েছে। এই নিয়ে কোনও সরকারি নির্দেশ জারি করা হয়নি বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শেয়ার করে ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের ফ্যান ফোরাম পেজ থেকে লেখা হয়েছে, ‘৯৬ ঘণ্টা স্টেশনে থাকলে কোনও সময় কোনও রোগীর দরকার পড়লে, তাঁরা চলে আসতে পারবেন। বেশিরভাগ সময় এঁরা কলকাতায় থেকে যান। ২ থেকে আড়াই দিনের মাথায় ফিরে আসেন। ধরুন কোচবিহারে পোস্টিং, ২ রাত থাকল বা ৩ রাত থাকল, তারপর ফিরে এল। তাই ৯৬ ঘণ্টা স্টেশনে থাকার কথা বলা হয়েছে। আমরা এতটা অমানবিক নই যে ৯৬ ঘণ্টা ডিউটির কথা বলব।’
প্রসঙ্গত, সরকারি হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে মোট ৪৮ ঘণ্টা ডিউটি দিতে হয়। সপ্তাহে ৬ দিন ৮ ঘণ্টা করে ডিউটির হিসেব ধরলে ৪৮ ঘণ্টা হয়। ৯৬ ঘণ্টা অন ডিউটি থাকা মানে প্রতিদিন ১৬ ঘণ্টা করে ডিউটি করতে হবে।