• পুলিশের জালে নির্মল ঘোষের ছেলে ধরা পড়তেই সরব রত্না
    আজকাল | ১৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার গভীর রাতে গ্রেপ্তার তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর। সোমবার তাঁকে আদালতে পেশের সম্ভাবনা রয়েছে। দক্ষিণেশ্বর এলাকা থেকে গত রাতে গ্রেপ্তার হন তীর্থঙ্কর ঘোষ। পানিহাটির প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারির পর এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন পানিহাটির বর্তমান বিধায়ক রত্না দেবনাথও।

    এ দিন রত্না বলেন, "কান টানলে মাথা আসবে। যখন ছেলে গ্রেপ্তার হয়েছে, তখন বাবাও গ্রেপ্তার হবে।" তাঁর দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবেই। আইন নিজের পথে চলবে এবং তদন্তে যে সমস্ত তথ্য সামনে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

    উল্লেখ্য, পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের নাম অতীতে একাধিক বিতর্কে জড়িয়েছে। অভয়ার মৃতদেহ দ্রুত দাহ করে তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগের সঙ্গেও তাঁর নাম উঠে এসেছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। সেই প্রেক্ষাপটে তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারি ঘটনাকে ঘিরে নতুন করে জোরদার হয়েছে রাজনৈতিক তরজা।

    রত্না দেবনাথ আরও বলেন, "মানুষের উপর যাঁরা অন্যায় ও অত্যাচার করেছে, তাঁদের প্রত্যেকের বিচার হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।"

    এখন তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গ্রেপ্তারির ঘটনায় তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। তবে রত্না দেবনাথের মন্তব্যে স্পষ্ট এর পর লক্ষ্য প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ।

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তীর্থঙ্কর পলাতক ছিলেন বলে অভিযোগ রয়েছে। রবিবার গভীর রাতে তাঁকে খড়দহ থানার পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এই সমস্ত ঘটনায় তাঁর বাবা নির্মল ঘোষের নামও উঠে এসেছে। বেশ কিছুদিন ধরেই দু'জনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল খড়দহ থানার পুলিশ বাহিনী। এতদিন তাঁরা লুকিয়ে ছিলেন বলেই তদন্তকারীদের দাবি।

    এর মধ্যেই গত শনিবার তৃণমূলের 'বিদ্রোহী'দের একটি বৈঠকে আচমকাই দেখা যায় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে নাগালে না পেলেও প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে তাঁর উপস্থিতি নিয়ে জোর চর্চা শুরু হয়। বিরোধীদের পাশাপাশি বিভিন্ন মহল থেকেও প্রশ্ন উঠতে থাকে। পুলিশ যেখানে তাঁকে খুঁজে পাচ্ছে না, সেখানে তিনি কীভাবে প্রকাশ্যে সভায় অংশ নিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে।
  • Link to this news (আজকাল)