১৬ আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ পালনের ঘোষণা রাজ্য সরকারের
আজকাল | ১৩ জুলাই ২০২৬
দীক্ষা ভুঁইয়া
রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আগামী ১৬ আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন থেকেই রাজ্যে স্বাস্থ্যসুরক্ষার নতুন কর্মসূচির সূচনা হবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭০ বছর বা তার বেশি বয়সী সকল নাগরিক আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পাশাপাশি, যোগ্য নাগরিকদের এই প্রকল্পের আওতায় আনা হবে। সরকারের দাবি, এর ফলে রাজ্যের প্রায় ৭০ শতাংশ মানুষ উপকৃত হবেন। অন্যদিকে, যাঁরা আয়ুষ্মান ভারতের আওতায় থাকবেন না, সেই বাকি প্রায় ৩০ শতাংশ মানুষের জন্য একই দিনে চালু হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা’ প্রকল্প। এর মাধ্যমে সকল নাগরিককে স্বাস্থ্যবিমার আওতায় আনার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
সরকারের বক্তব্য অনুযায়ী, ১৬ আগস্ট ঐতিহাসিকভাবেও তাৎপর্যপূর্ণ। ১৯৪৬ সালের এই দিনেই ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’-এর ঘটনা ঘটেছিল। পূর্ববর্তী সরকার দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করলেও, বর্তমান সরকার দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের দাবি, স্বাস্থ্যসুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক উদ্যোগকে সামনে রেখেই ১৬ আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হবে।
এছাড়াও নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়ে নবান্ন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও বিমানবন্দরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সীমান্তবর্তী আন্তর্জাতিক বিমানবন্দরগুলির নিরাপত্তা আরও জোরদার করা হবে। ধর্ম পালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা দেওয়া হবে না, তবে আইন মেনে চলতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, বিদ্বেষমূলক বক্তব্য এড়ানো এবং পরস্পরের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। ‘বন্দেমাতরম’ গাইতে হবে, তবে কাউকে জোর করে নয়— আবেগ ও শ্রদ্ধার সঙ্গে পালনের বার্তাও দেওয়া হয়েছে।