• দার্জিলিং নিয়ে বড় ঘোষণা BJP সাংসদের, পাল্টে যাবে ভোল
    আজকাল | ১৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ে ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে পড়া দেশ-বিদেশের পর্যটকদের দ্রুত ও উন্নত চিকিৎসা পরিষেবা দিতে দার্জিলিংয়েএকটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্যের বিজেপি সরকার বলে জানালেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ পাহাড়ি এলাকায় ১০০ শয্যার একটি আধুনিক ট্রমা কেয়ার সেন্টার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    রবিবার এক সাক্ষাৎকারে সাংসদ বলেন, পাহাড়ি এলাকায় দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য সমতলে নিয়ে আসতে অনেক সময় নষ্ট হয়। সেই সমস্যার সমাধান করে দ্রুত জরুরি চিকিৎসা পৌঁছে দিতেই এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। হাসপাতাল নির্মাণের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত হয়েছে বলেও তাঁর দাবি।

    রাজু বিস্তা আরও জানান, বাগডোগরা বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণের কাজ চলছে। তা সম্পূর্ণ হলে বিমানবন্দরটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পাবে বলে তাঁর আশা। এর ফলে দেশ-বিদেশ থেকে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

    পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে রোপওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান সাংসদ। এ জন্য ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু হয়েছে। রোপওয়ে চালু হলে পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে দার্জিলিংয়ে যাতায়াত অনেকটাই সহজ হবে বলে তাঁর দাবি। পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং, মিরিক ও কালিম্পংয়ে দ্রুত পৌঁছনোর জন্য হেলিকপ্টার পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

    রাজু বিস্তার দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের বিজেপি সরকার উত্তরবঙ্গের স্বাস্থ্য, পর্যটন ও সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গে আরও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাহাড়, নদী ও জঙ্গলকে কেন্দ্র করে পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তুলতে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে বলেও দাবি করেন সাংসদ।

     
  • Link to this news (আজকাল)