আজকাল ওয়েবডেস্ক: আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে পশ্চিমবঙ্গে আজ (১৩ জুলাই, ২০২৬) থেকে কার্যকর হয়েছে 'গুন্ডা দমন আইন'। নতুনভাবে সংজ্ঞায়িত হয়েছে 'গুন্ডা' অর্থ। পুলিশের হাতে দেওয়া হয়েছে বাড়তি ক্ষমতা। এ দিনই স্বাভাবসিদ্ধ ঢঙে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর নিশানায় সরকারি দপ্তরের অনেকে। দিলীপের সাফ কথা, "অনেক ডিপার্টমেন্টে লোক লুকিয়ে আছে তারাও অপরাধী।" তাহলে কী, সমাজবিরোধী কার্যকলাপের আওতায় এবার সরকারি আমলা, কর্মীরাও?
বদলের বাংলায় আইনের শাসন জারি হয়েছে। গত ২৯ জুন বিধানসভায় গুন্ডাদমন বিল পাস হয়েছিল। লোকভবনের অনুমোদন মিলতেই তা আইনে পরিণত হয়েছে। গুন্ডামি করলে আর আর জেলে যাওয়া থেকে রেহাই নয়। গুন্ডাদের ভিটে-মাটি বেচে ক্ষতিপূরণ দিতেই হবে।
এই প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, "গত বেশ কিছু বছর ধরে রাজজনীতির যুক্ত ব্যক্তিরাই গুন্ডামি করেছে। তাই আমাদের আইন আনতে হয়েছে। কড়া ভাবে আইন লাগু হবে। অনেক ডিপার্টমেন্টে লোক লুকিয়ে আছে তারাও অপরাধী।"
এদিকে বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর ছড়িয়ে পড়া অশান্তির মামলায় গ্রেপ্তার করা হয়েছে সিপিআইএম নেতা লায়েক আলিকে। পুলিশের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত করে তোলার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। এই সুযোগ কাজে লগিয়ে অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে যাঁরা তারাও সমান অপরাধী৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন।"
প্রসঙ্গত, বিধানসভা ভোটে লায়েক আলি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী ছিলেনন। সূর্যপুরের অশান্তির ঘটনায় এই প্রথম কোনও রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হল।
দক্ষিণ ২৪ পরগনায় নিজের সংসদীয় এলাকায় সাধারণ মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দিতে একাধিক সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে। এই এক ক্যাম্পেই ভুল চিকিৎসায় মহিলার পা বাদের অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। অভিষেক-সহ এগারো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মহেশতলার মালতী বিশ্বাসের পরিবারকে স্বাস্থ্যভবনে ডেকেছেন স্বাস্থ্যমন্ত্রী।
এ নিয়েও দিলীপের সোজাসাপটা জবাব, "পশ্চিমবঙ্গে ভেজাল আইপিএস, আইএএস, মন্ত্রী দেখেছি। এবার ভেজাল ডাক্তার, জুনিয়র ডাক্তার এমনকি ডক্টর নয় তাদের দিয়ে চিকিৎসা করান হয়েছে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা পুলিশকে জানান। ব্যবস্থা হবে।"