• 'এই সাহস যেন কেউ না পায়', লেকটাউন নিয়ে জানাল এবিভিপি
    আজকাল | ১৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দ্বাদশ শ্রেণির ছাত্রীকে বাড়িতে ডেকে এনে যৌন হেনস্থার অভিযোগ ওঠে গৃহশিক্ষকের বিরুদ্ধে। গতকাল ওঠে এই অভিযোগ। হেনস্থার ঘটনাটি লেকটাউন থানা এলাকার। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফে আদালতেও পেশ করা হয়েছে তাঁকে। এ বার সেই ঘটনায় বিবৃতি দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি।

    রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) ছাত্র সংগঠন এবিভিপি বিবৃতি জারি করেছে। এবিভিপি-র রাজ্য মিডিয়া ইনচার্জ অনন্ত বারুই জানিয়েছে, 'লেক টাউনে নাবালিকা ছাত্রীকে নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। এবিভিপি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সরাসরি অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি করছে। যাতে পরবর্তীতে এই ঘটনা ঘটানোর সাহস না পায়।"

    উল্লেখ্য, নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দিন চারেক আগে ছাত্রীকে গৃহশিক্ষক বাড়িতে পড়তে ডাকেন। কিশোরীর তরফে অভিযোগ, পড়ানোর 'অজুহাতে' তাঁর সঙ্গে একান্তে সময় কাটানোরই অভিপ্রায় ছিল ওই গৃহশিক্ষকের। সেখানে পানীয়ের সঙ্গে মাদকজাতীয় কিছু মিশিয়ে তাঁকে খেতে দেওয়া হয়। ওই পানীয় পান করার পরপরই তিনি জ্ঞান হারান। আর সেই অচৈতন্য অবস্থার সুযোগ নিয়েই গৃহশিক্ষক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

    জানা গিয়েছে, জ্ঞান ফিরতেই শরীর অসুস্থ বোধ করেন ওই ছাত্রী। এর পর সেখান থেকে বাড়ি যেতে চান। বাড়ি ফেরেন একাই। পরে নিজের বাবা-মায়ের কাছে গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন ওই ছাত্রী। এর পরই ওই ছাত্রীর পরিবার লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়।

    ধৃত গৃহশিক্ষককে রবিবার পুলিশের তরফে বিধাননগর আদালতে হাজির করানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের নিরিখে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছে ছাত্রীর পরিবার। এদিকে আদালতে যাওয়ার পথে অভিযুক্ত গৃহশিক্ষক দাবি জানান, তিনি হেনস্থা করেননি। তাঁকে জোর করে ফাঁসানো হয়েছে।
  • Link to this news (আজকাল)