• গোহত্যায় বাধা নেই! মাদ্রাজ হাই কোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, বড় সাফল্য বিজয় সরকারের
    প্রতিদিন | ১৩ জুলাই ২০২৬
  • গোহত্যা নিয়ে মাদ্রাজ হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আবেদন জানিয়েছিল তামিলনাড়ু সরকার। সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মাদ্রাজ হাই কোর্টের নির্দেশের শেষ অনুচ্ছেদটি আপাতদৃষ্টিতে ‘সংশোধনের’ প্রয়োজন রয়েছে।

    দক্ষিণী রাজ্যে গোহত্যা বন্ধ করতে গত মে মাসে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। সেই মামলায় আদালত নির্দেশ দেয়, তামিলনাড়ুতে কোনও গরু বা বাছুর ইদ বা অন্য কোনও দিন জবাই করা যাবে না। আদালতের পর্যবেক্ষণ ছিল, গোহত্যা কোনও বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়। একইসঙ্গে ভারতের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের কথাও তুলে ধরে উচ্চ আদালত। বলা হয়, গরু-বাছুর হত্যা বন্ধ হলে রাজ্যে দুধের উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতির উন্নতিসাধন হবে।

    হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল তামিলনাড়ুর জোসেফ বিজয়ের সরকার। তাদের বক্তব্য ছিল, উচ্চ আদালতের নির্দেশটি তামিলনাড়ুতে গোহত্যা সংক্রান্ত যে আইন রয়েছে, তার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। সোমবার এই মামলার শুনানিতে তামিলনাড়ু সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, পশু জবাই সংক্রান্ত যতগুলি আইন রয়েছে তার সবগুলিই পশু জবাই করার পদ্ধতি ও শর্তাবলী নিয়ন্ত্রণ করে। কোনও আইনেই পশু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিধান নেই। সেখানে আদালতের তরফে এই নির্দেশের মাধ্যমে বিচারব্যবস্থার তরফে আইন প্রণয়নের চেষ্টা হয়েছে। যা সংবিধান পরিপন্থী।

    প্রসঙ্গত, তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন, ১৯৫৮ অনুযায়ী, যে সমস্ত গরুর বয়স ১০ বছর বা তার বেশি, যেগুলি প্রজনন বা অন্যান্য কাজ করতে অক্ষম, শুধু মাত্র সেই গরুগুলিকেই জবাই করা যাবে। তামিলনাড়ু সরকারের বক্তব্য, আদালত তার এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে। এই মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ জারি করে বলা হয়েছে, হাই কোর্টের রায়ের শেষ অনুচ্ছেদে রাজ্যব্যাপী গোহত্যা নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। হাইকোর্টের নির্দেশের শেষ অনুচ্ছেদটি আপাতদৃষ্টিতে ‘সংশোধনের’ প্রয়োজন। যার জেরেই মাদ্রাজ হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হয়।
  • Link to this news (প্রতিদিন)