আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল ভারতের! বিতর্কের মুখে কী বলল মোদি সরকার?
প্রতিদিন | ১৩ জুলাই ২০২৬
আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল করেছে ভারত। সম্প্রতি এমনই একটি রিপোর্টকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিতর্কের মুখে এবার মুখ খুলল নরেন্দ্র মোদি সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সাফ জানিয়ে দিয়েছেন, এই ধরনের রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
পীযূষ বলেন, “গত জুন মাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার যখন দিল্লি সফরে এসেছিলেন। সেই সময় তাঁর সঙ্গে আমার চমৎকার বৈঠক হয়েছে। উভয় পক্ষই এই চুক্তির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই চুক্তিটি ভারসাম্যপূর্ণ ও বাণিজ্যিকভাবে অর্থবহ। দু’দেশের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও ভোক্তাদের জন্য সুনির্দিষ্ট সুফল বয়ে আনবে। আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।”
বেশ কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে একাধিক রিপোর্ট ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। রিপোর্টে বিভিন্ন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, গত মাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির ভারত সফরের সময় নয়াদিল্লি অন্তর্বর্তীকালীন চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমেরিকাকে পালটা শর্তও দিয়েছে মোদি সরকার। তবে এই দাবিগুলি খারিজ করে দিয়েছেন পীযূষ। বলেন, “এই খবর সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।”
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকা একটি যৌথ বিবৃতি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, পারস্পরিক স্বার্থরক্ষায় লাভজনক বাণিজ্যের বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো তৈরিতে সম্মত হয় উভয় দেশ। এই বিষয়ে কথা বলতে গত ২০-২৩ এপ্রিল ভারতের বিশেষজ্ঞ দল ওয়াশিংটন সফরে গিয়েছিল। সেই সময় উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। শুধু তাই নয়, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করতে গত মাসে নিয়ে নয়াদিল্লিতেও আসে মার্কিন প্রতিনিধি দল। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত রূপ পাবে।