মাস তিনেক পরেই দুর্গাপুজো। তার আগেই পুজো কমিটির খোলনলচে বদলে ফেলল সুরুচি সংঘ। এবার সুরুচি সংঘের নতুন কমিটিতে জায়গাই হল না ‘বিশ্বাস ব্রাদার্সে’র। পুজো কমিটিতে থেকে ছেঁটে দেওয়া হল অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের নাম। শুধু তাই নয়, অরূপ-স্বরূপ ঘনিষ্ঠ কেউই এই নতুন কমিটিতে ঠাঁই পাননি বলে জানা গিয়েছে। সুরুচির নতুন কমিটির সম্পাদক করা হয়েছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। তিনি নিউ আলিপুর এলাকার বাসিন্দা। এছাড়াও নতুন কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপি দক্ষিণ জেলা প্রেসিডেন্ট অনুপম ভট্টাচার্য-সহ বিজেপিপন্থী বিশিষ্ট ব্যক্তিরা।
দক্ষিণ কলকাতার নামজাদা পুজোগুলির অন্যতম সুরুচি সংঘের পুজো। বলা যায়, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সুরুচি নামটা ওতপ্রোতভাবে জড়িত। চড়া বাজেট, ভিভিআইপিদের আনাগোনা, পুজোর ক’টা দিন সুরুচির মণ্ডপ যেন ‘গ্ল্যামার দুনিয়া’। কমিটির সঙ্গে সঙ্গে কি এবার তাহলে ‘ভিভিআইপি পুজো’র ছবিটাও বদলে যাবে? নতুন কমিটির সম্পাদক সৌরভ শিকদার বললেন, “নিউ আলিপুরের বাসিন্দা হিসেবে বলছি, এতগুলো বছর ধরে সুরুচি সংঘের পুজো মানেই ছিল মানুষের কাছে আতঙ্ক। তোলা আদায়, সিন্ডিকেটের সেটলমেন্ট, গাড়ি-জমি দালালি বিচারের আঁতুড়ঘর ছিল সুরুচি সংঘ। এলাকার সকলে সিদ্ধান্ত নিয়ে কমিটি বদল হয়েছে। কমিটিতে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরাও যেমন আছেন, তেমন এলাকার মানুষও আছেন।” পুজো প্রসঙ্গে কমিটির সম্পাদক সৌরভ আরও জানিয়েছেন, “১৬ তারিখ রথের দিন সুরুচি সংঘের খুঁটি পুজো। যেমন পুজো, তেমনই থাকবে। তফাৎ একটাই, আগে এটা ভিআইপি কালচারের পুজো ছিল। এবার থেকে সুরুচিতে সর্বজনীন পুজো হবে। এলাকার মানুষ নির্ভয়ে অংশ নিতে পারবেন।” ক্লাবে নতুন কমিটি গঠন হওয়ায় স্বস্তি এলাকাবাসীদের মধ্যেও। তাঁদের বক্তব্য, এই পুজো ঘিরে অরূপ বিশ্বাসদের একাধিক দুর্নীতি ছিল। এবার যাতে দুর্নীতিমুক্ত পুজো হয়, তার জন্যেই কমিটি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের আগে থেকেই মেসি ইভেন্ট নিয়ে বিতর্কের মুখে পড়েন অরূপ বিশ্বাস। বিজেপি সরকারের আমলে মেসি কাণ্ডে অরূপের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। একাধিকবার পুলিশের তলব এড়িয়েছেন তিনি। গা ঢাকা দিয়ে থেকেছেন, আদালতেও ছুটেছেন। খুনের চেষ্টার মামলাও রয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। অন্যদিকে গোটা স্টুডিওপাড়ায় দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ স্বরূপ বিশ্বাসের ঠিকানাও বর্তমানে শ্রীঘরে। তাই এবার ‘বিশ্বাস ব্রাদার্স’কে বাদ দিয়েই সুরুচির পুজোর ঢাকে কাঠি পড়তে চলেছে।