• রথের আগেই থিকথিকে ভিড় দিঘায়, প্রস্তুত প্রশাসন! ভক্তদের জন্য রইল জরুরি গাইডলাইন
    News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
  • সৈকতনগরী দিঘা বর্তমানে আধ্যাত্মিকতা ও ভক্তিরসে মাতোয়ারা হতে হয়ে উঠেছে। তার অন্যতম কারণ জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের সবচেয়ে বড় উৎসব হল রথযাত্রা। দিঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রার দ্বিতীয় বছরে পদার্পণ করল। বিশ্বাস, ঐক্য ও মানবতার মহামিলনে হাজার হাজার ভক্তের রশির টানে প্রভু জগন্নাথ পৌঁছাবেন মাসির বাড়ি। সমুদ্র শহর দিঘা জুড়ে চলছে এখন তারই জোরদার প্রস্তুতি। প্রশাসনের তরফ থেকে দফায় দফায় রথ নিয়ে চলছে বৈঠক। দ্বিতীয়বারের রথে দিঘা সেজে উঠছে। দিঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রার এবারের হোতা হলেন জেলার বর্ষীয়ান সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী।

    দিঘায় প্রথমবার রথ যাত্রায় উপস্থিত ছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে নিরাপত্তার কারণে রথের রশি টান দেওয়ার ইচ্ছা ভক্তদের থাকলেও তা হয়নি। কিন্তু এবার একেবারে রথের রশি টেনে আধ্যাত্মিক স্পর্শ লাভ করতে পারবেন জগন্নাথ ভক্তরা। সেজন্য যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা প্রস্তুত করছে প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় জগন্নাথ মন্দির থেকে পুরনো দিঘা পর্যন্ত রাস্তার দু’ধারে ফুটপাতের পাশে বিশেষ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মূল সড়কে রথ টানার পাশাপাশি ফুটপাতের পাশ থেকে নির্বিঘ্নে রথ দর্শন করতে পারবেন ভক্তরা।

    মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শেষ বছর প্রথম রথের চাকা গড়াতেই বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। চাকা বিশেষ সমস্যার ফলে রথ পৌঁছতে দেরি হয় মাসির বাড়িতে। এ বছর তাই বেশ কয়েকটি চাকায় বদল আনা হয়েছে। ইতিমধ্যে নতুন চাকা লাগানোর পর ট্রায়াল রানও করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। শেষ বছরের মত এবছরও পুরনো দিঘা থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত রঙিন আলোয় সাজিয়ে তোলা হচ্ছে। দিঘা জগন্নাথ মন্দিরে রথে এবার অন্যতম বড় চমক এই রথের মূল হোতা চলতি বছর শিশির অধিকারী। মন্দির সূত্রে জানা গিয়েছে, রথযাত্রার রাস্তা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন তিনি। ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাকে আমন্ত্রণও জানানো হয়েছে।

    এ বিষয়ে জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস বলেন, “রথ নিয়েও আমাদের যাবতীয় প্রস্তুতি চলছে। এবার রথের সূচনা করবেন শিশির অধিকারী মহাশয়। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। উনি আসবেন।” প্রসঙ্গত দিঘা রথযাত্রা নিয়ে ভক্তদের মধ্যে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। রথযাত্রা উপলক্ষে দীঘায় বহু মানুষের ভিড় জমবে। ইতিমধ্যে হোটেল বুকিং ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানা যায় হোটেল মালিক কর্তৃপক্ষদের কাছ থেকে। দিঘা রথ যাত্রায় বাড়িতে ভিড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার যাবতীয় আয়োজন করেছে পুলিশ প্রশাসন।
  • Link to this news (News18 বাংলা)