• রেলগেটে আটকে থাকার দিন শেষ! খড়গপুর ডিভিশনে আসছে ২১ নতুন উড়ালপুল, জানুন কোন জেলা পাচ্ছে ক'টি
    News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
  • : দীর্ঘ দিনের যানজট আর ভোগান্তি থেকে অবশেষে মিলতে চলেছে মুক্তি। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশন-সহ বিস্তীর্ণ এলাকার যানজট কমাতে ২১টি নতুন উড়ালপুল বা ওভারব্রিজ নির্মাণের ছাড়পত্র দিল রেল মন্ত্রক। এর মধ্যে সব থেকে বেশি লাভবান হতে চলেছে পশ্চিম মেদিনীপুর। এই জেলাতেই তৈরি হবে ১৫টি উড়ালপুল। পাশাপাশি ঝাড়গ্রামে তিনটি, পুরুলিয়ায় দু’টি এবং পূর্ব মেদিনীপুরে একটি উড়ালপুল তৈরির অনুমোদন মিলেছে।

    দীর্ঘ দিন ধরে যানজটের কারণে নাকাল হচ্ছিলেন বেলদাবাসী। বিশেষ করে খড়গপুর-বালেশ্বর শাখায় বাখরাবাদ ও বেলদা স্টেশনের মাঝে কেশিয়াড়ি মোড়ের রেলগেটে নিত্যদিনের যানজট ছিল এলাকার মানুষের কাছে রীতিমতো যন্ত্রণার। এই মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাঁচ নম্বর রাজ্য সড়ক ধরে এই পথেই কেশিয়াড়ি হয়ে ঝাড়গ্রাম এবং ওড়িশায় যাতায়াত করেন বহু মানুষ। একদিকে হাসপাতাল ও কলেজ, অন্য দিকে মূল বাজার থাকায় সাধারণ মানুষকে দিনের পর দিন রেলগেটে আটকে থাকতে হত। রাজনৈতিক পালাবদল হলেও এই দুর্ভোগের কোনও সুরাহা হচ্ছিল না। সম্প্রতি প্রশাসন তৎপর হওয়ায় এই উড়ালপুলের অনুমোদন মিলেছে, যা এলাকার মানুষের কাছে একেবারে দীর্ঘদিনের স্বপ্নের মতো। এলাকার যোগাযোগ ব্যবস্থা এর ফলে আগের চেয়ে অনেক ভাল হবে বলেই মনে করছেন সকলে।

    এর পাশাপাশি বেলদা ও নেকুরশেনী স্টেশনের মাঝে শুশিন্দা রেলগেটেও তৈরি হবে নতুন উড়ালপুল। হিজলি এবং বেনাপুর স্টেশনের মাঝে বেনাপুর রেলগেট এবং খড়গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতাল সংলগ্ন বলরামপুর এলাকায় দু’টি উড়ালপুলের ছাড়পত্র পাওয়া গিয়েছে। এছাড়া বেনাপুর-নারায়ণগড় স্টেশনের মাঝে রামপুরা এলাকায়, খড়গপুর-হাওড়া শাখার জকপুর-মাদপুর, বালিচক-শ্যামচক এবং হাওর-রাধামোহনপুর স্টেশনের মাঝেও উড়ালপুল তৈরি হবে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া স্টেশনে এবং ঝাড়গ্রামের খড়গপুর-সরডিহা, সরডিহা-ঝাড়গ্রাম ও ঝাড়গ্রাম-গিধনির মাঝে আরও তিনটি উড়ালপুল তৈরির অনুমোদন মিলেছে।

    রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার জানিয়েছেন, “এই উড়ালপুলগুলির নির্মাণ শেষ হলে সাধারণ মানুষের যাতায়াত আরও দ্রুত, স্বচ্ছন্দ এবং ঝুঁকিহীন হবে।” সব মিলিয়ে, রেলের এই যুগান্তকারী পদক্ষেপে স্বস্তির হাওয়া গোটা পশ্চিম মেদিনীপুর ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।
  • Link to this news (News18 বাংলা)