শ্রাবণী মেলার আগে তারকেশ্বরে প্রস্তুতি তুঙ্গে, পরিদর্শনে বিধায়ক সন্তু পান
News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
রাজ্যে পালাবদলের পর এ বছর তারকেশ্বরের শ্রাবণী মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়া হয়েছে। আগামিকাল তারকেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে সামনে রেখে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
তারকেশ্বর মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বৈদ্যপুর মাঠে তৈরি হয়েছে সাংস্কৃতিক প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্তরা যোগ দেবেন। বঙ্গীয় সন্ত সমাজের ডাকে আয়োজন করা হয়েছে সন্ত সম্মেলনের। প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠকও চলছে।
তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য, মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর তৎপরতায় নতুন করে সেজে উঠছে শ্রাবণী মেলা। ৩০ হাজার লোক একসঙ্গে বসে সাধু-সন্তদের কথা শুনতে পারবে। মুখ্যমন্ত্রী বেলা ৪.৩০ নাগাদ আসবেন, তিনি কী বলেন তার দিকে তাকিয়ে সকল এলাকাবাসী।’
সূচি অনুযায়ী, আগামিকাল সকাল ১০টায় সাধু-সন্তরা তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন। এরপর মহাদেবের ছবি রথে তুলে কলস যাত্রার মাধ্যমে মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছবেন তাঁরা।
প্রধান মঞ্চের পাশেই তৈরি হয়েছে একটি সেবা শিবির, যেখানে আগত পূর্ণার্থীদের চিকিৎসার ব্যবস্থা থাকবে। চলতি বছরের বিশেষ আকর্ষণ হিসেবে শ্রাবণ মাসের প্রতি সোমবার তারকেশ্বরে পায়ে হেঁটে আসা তীর্থযাত্রীদের উপর হেলিকপ্টার থেকে ফুল বর্ষণের পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া আগামী ১৫ জুলাই থেকে তারকেশ্বর মন্দির সংলগ্ন রাজবাড়ি মাঠে পাঁচ দিনব্যাপী মহারুদ্র যজ্ঞ অনুষ্ঠিত হবে। তারকেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ। দুধপুকুর সংলগ্ন এলাকায় বসানো হয়েছে লেজার লাইট এবং রাস্তার দু’পাশে সাজানো হয়েছে আলোর কল্কা।
জাতীয় মেলার মর্যাদা পাওয়ার পর এই উৎসব ঘিরে তারকেশ্বরের বাসিন্দাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। এখন মুখ্যমন্ত্রীর সফর ও তাঁর বক্তব্যের দিকেই নজর সকলের।