• এক বাসেই সরাসরি তারকেশ্বর, চালু হল ৫টি রুট! ধর্মতলা ছাড়া আর কোথা থেকে ছাড়বে মহাদেব এক্সপ্রেস?
    News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
  • তারকেশ্বর যাতায়াতের জন্য এতদিন মূলত রেলপথই ছিল পুণ্যার্থীদের প্রধান ভরসা৷ এবার সড়কপথেও তারকেশ্বরের সঙ্গে অন্যান্য জেলাগুলিকে যুক্ত করতে উদ্যোগী হল রাজ্য সরকার৷ আজ থেকেই তারকেশ্বর থেকে পাঁচটি রুটে চালু হয়ে গেল সরকারি বাস পরিষেবা৷ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে এই বাসগুলি চালানো হবে৷ নতুন এই রুটের বাসগুলির নাম দেওয়া হয়েছে মহাদেব এক্সপ্রেস৷

    যে পাঁচটি রুটে এ দিন সরাসরি তারকেশ্বর পৌঁছনোর বাস পরিষেবা চালু হয়েছে, সেগুলি হল-

    তারকেশ্বর থেকে খড়্গপুর

    তারকেশ্বর থেকে বর্ধমান

    তারকেশ্বর থেকে দিঘা

    তারকেশ্বর থেকে বাঁকুড়া

    তারকেশ্বর থেকে ধর্মতলা

    সরকারি বাস পরিষেবা শুরু হয় তারকেশ্বরের বাসিন্দারাও খুশি৷ বিশেষত মহিলাদের জন্য এখন বিনামূল্যে বাস সফরের সুবিধা থাকায় এলাকার মহিলাদের পাশাপাশি তারকেশ্বরে আসা মহিলা পুণ্যার্থীরাও খুশি৷

    তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটা পূরণ করলাম। আগামী দিনে আরও বাস বাড়ানো হবে।

    রাজ্যে পালাবদলের পর এ বছর তারকেশ্বরের শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামিকাল মুখ্যমন্ত্রী তারকেশ্বরে আসবেন। তারকেশ্বর মন্দির থেকে তিন কিলোমিটার দূরে বৈদ্যপুর মাঠে তৈরি হয়েছে সাংস্কৃতিক প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসবেন। বঙ্গীয় সন্ত সমাজের ডাকে সন্ত সম্মেলন এর ডাক দেওয়া হয়েছে। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ। সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন করেছেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। পাশাপাশি দফায় দফায় চলছে প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তায় তীর্থযাত্রীদের জন্য পাঁচ কিলোমিটার অন্তর সেবা শিবির খোলা হবে৷ সেখান থেকে পানীয় জল সহ প্রয়োজনীয় সামগ্রী পাবেন তীর্থযাত্রীরা৷
  • Link to this news (News18 বাংলা)