দীর্ঘদিনের দাবি পূরণ। আজ থেকে চালু হলো ‘মহাদেব এক্সপ্রেস’। তারকেশ্বর থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা শুরু হল বর্ধমান, বাঁকুড়া, দিঘা, খড়্গপুর এবং কলকাতা পর্যন্ত। প্রতিদিন মোট ৫টি বাস চলবে। এতদিন তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস ছিল না। মূলত বেসরকারি বাস এবং ট্রেকারের উপরই ভরসা করতে হতো যাত্রীদের। বিশেষ করে মহিলা ও নিত্যযাত্রীদের সমস্যা হতো। নতুন পরিষেবা চালু হওয়ায় খুশি বাসিন্দারা।
তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান বলেন, ‘তারকেশ্বরের মানুষের চাহিদা ছিল। আরামবাগ থেকে সরকারি বাস চলত কিন্তু তারকেশ্বর থেকে ছিল না। আজ পাঁচটি বাস দিয়ে শুরু হয়েছে মহাদেব এক্সপ্রেস, প্রতিদিন চলবে।’
বিধায়ক সন্তু পান বলেন, ‘এটা দেবাদিদেব মহাদেবের জায়গা। বাবা তারকনাথের জায়গা। সেই কারণেই এই নাম দেওয়া হয়েছে। স্পিরিচুয়াল করিডর হিসেবে এখানে বাস চালু হবে পরে। যত শক্তিপীঠ রয়েছে তার সঙ্গে যুক্ত করা হবে। এসি কোচের বাস চালানো হবে।’ বিধায়ক জানান, ১৯ জুলাই তারকেশ্বরে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি হবে। এর মাধ্যমেই সাধু-সন্ত ও পুণ্যার্থীদের স্বাগত জানানো হবে। তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধ পুকুরে হবে লেজ়ার শো।
এছাড়াও তারকেশ্বর বৈদ্যপুরে থাকছে ফেসিলিটি সেন্টার। সেবা শিবির তৈরি করা হয়েছে এখানে। মহিলাদের জন্য গোটা রাজ্যে সরকারি বাসে যে ফ্রি টিকিটের সুবিধা রয়েছে, এখানেও সেটা পাওয়া যাবে। ১৪ জুলাই তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শ্রাবণী মেলার জন্য কলকাতা থেকে তারকেশ্বর পর্যন্ত আরও ৪০টি বিশেষ সরকারি বাস চালানো হবে।
তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ১৩ জুলাই সকাল ১১টা থেকে চালু হয়েছে নতুন বাস রুট। Kolkata bus-o-pedia-এর ফেসবুক পেজে এই বাসগুলির রুটের বিস্তারিত বিবরণও দেওয়া হয়েছে।
তারকেশ্বর থেকে পুড়শুড়া, চাঁপাডাঙা, কাবলে, মায়াপুর, মুথাডাঙ্গা হয়ে আরামবাগ ও গোঘাট ছুঁয়ে এই বাস কামারপুকুর, রামজীবনপুর, শ্রীনগর, ক্ষীরপাই, ঘাটাল, গৌড়া, মেচোগ্রাম, মেচেদা, তমলুক, নন্দকুমার, বাজকুল হয়ে কাঁথি ও রামনগর ছুঁয়ে দিঘা পৌঁছবে।
তারকেশ্বর থেকে পুড়শুড়া, চাঁপাডাঙা, কাবলে, মায়াপুর, মুথাডাঙ্গা, আরামবাগ, গোঘাট, কামারপুকুর হয়ে জয়রামবাটী, মায়ের ঘাট, কোতুলপুর হয়ে জয়পুর, বিষ্ণুপুর, রামসাগর, ওন্দা হয়ে কালিসেন, ভেদুয়াশোল হয়ে ধলডাঙ্গা ছুঁয়ে বাঁকুড়া
তারকেশ্বর থেকে বাস ছেড়ে পুড়শুড়া, চাঁপাডাঙা, কাবলে, মায়াপুর, মুথাডাঙ্গা, আরামবাগ, গোঘাট, কামারপুকুর, রামজীবনপুর হয়ে শ্রীনগর, ক্ষীরপাই, কালিকাপুর, চন্দ্রকোনা টাউন, নেড়াদেউল, কেশপুর - গোদাপিয়াশাল, ভাদুতলা হয়ে মেদিনীপুর ছুঁয়ে খড়গপুর পৌঁছবে
তারকেশ্বর থেকে পুরশুড়া, চাঁপাডাঙা, কাবলে, মায়াপুর হয়ে আরামবাগ, বুলচাঁদপুর, উচালন, মোগলমারি, সেহেরাবাজার, সগড়াই হয়ে বাঁকুড়া মোড় পৌঁছবে।
তারকেশ্বর থেকে চাঁপাডাঙা, গজার মোর, শিয়াখালা, চণ্ডীতলা, ডানকুনি হয়ে বালি ও দক্ষিণেশ্বর ঘুরে ডানলপ হয়ে সিঁথি মোড় দিয়ে শ্যামবাজার ঢুকবে বাস। তারপরে গিরিশ পার্ক, সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলা পৌঁছবে।